জেসমিনের জামিন: রুল নিষ্পত্তিতে সময় ৪ সপ্তাহ
হলমার্ক চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিলের বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।
হাই কোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চে এ মামলার নিষ্পত্তি হবে।
আদালতে জেসমিন ইসলামের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন। তাকে সহায়তা করেন ব্যরিস্টার মোস্তাফিজুর রহমান খান।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান শুনানিতে অংশ নেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “জেসমিন ইসলামের বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ।”
গত ৭ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ ফেরত দিতে সম্মত হওয়ায় এবং ছেলের এসএসসি পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে জেসমিন ইসলামকে ১১ মামলায় ৫০ হাজার টাকার মুচলেকায় দেড় মাসের জামিন দেয় বিচারিক আদালত।
এরপর ১০ ফেব্রয়ারি এক আবেদনে জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট। পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়।
পরে ১৭ এপ্রিল ওই জামিন বাতিল করে জেসমিনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় বিচারিক আদালত। হাই কোর্ট বেঁধে দেয়া সময়সীমার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করলে জেসমিনকে গ্রেপ্তারের নির্দেশও দেয়া হয়।
জেসমিন ইসলাম এই আদেশ বাতিলের আবেদন করায় আপিল বিভাগ শুনানি করে রুল নিষ্পত্তির এই আদেশ দিলো।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর জেসমিন, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছর ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা জেসমিনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
