২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারে দেরি হলে 'কালো তালিকাভুক্ত'

যুক্তিযুক্ত কারণ ছাড়া কোনো ঠিকাদার সড়ক সংস্কারকাজে দেরি করলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 09:00 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ভুলতা-রূপগঞ্জ সড়ক পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

পরিদর্শন শেষে ভুলতা মোড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারাদেশে চলমান সড়ক সংস্কারকাজ বর্ষা শুরু হওয়ার আগে শেষ করা হবে। এ ক্ষেত্রে কোনো প্রকারের গাফিলতি সহ্য করা হবে না।

মন্ত্রী বলেন, ভুলতা মোড়ের যানজট নিরসনে জাইকার অনুদানে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, “তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণের অনিশ্চয়তা কেটে গেছে। সম্প্রতি বাংলাদেশ সফরে আসা সৌদি প্রতিনিধিদলের সাথে সফল আলোচনা হয়েছে।"

পরিদর্শনকালে কর্তব্যে অবহেলার জন্য নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল হামিদকে শোকজের নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী।

পরিদর্শনকালে ঢাকা সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিনসহ সড়ক বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।