২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শফিকে কোটি টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে’

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ প্রতিহতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামালীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 08:50 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ওলামালীগের সভাপতি ইলিয়াছ হোসাইন বিন হেলালী।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী কোটি কোটি টাকা দিয়ে স্বল্প শিক্ষিত সন্ত্রাসী বাহিনী ও শফি সাহেবকে মাঠে নামিয়েছে।”

যুদ্ধাপরাধীদের হেফাজত করার জন্য এই হেফাজতে ইসলাম বলে মন্তব্য করেন তিনি।

ওলামালীগের সভাপতি বলেন, হেফাজত প্রধান আল্লামা আহমেদ শফি মূলত জামায়াতের বন্ধু। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের রক্ষা করতে মাঠে নেমেছেন তারা।

হেফাজতের ঢাকা অবরোধ প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ৫ মে ওলামালীগ প্রয়োজনে ঢাকার বিভিন্ন প্রবেশ পয়েন্টে সমাবেশ করবে।

হেফাজতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক মুখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।