২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 06:34 AM

Updated : 25 Apr 2022, 06:41 PM

গ্রেপ্তার বাবু (২০) এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বাবু দিলিলপুর গ্রামের তোফায়েল আহমদের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল ১০টায় গোপন সংবাদদের ভিত্তিতে রাজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়।

তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়। এ রায়কে প্রত্যাখান করে জামায়াত-শিবির সারাদেশে বেশ কয়েকটি জেলায় সম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটায় বলে অভিযোগ পুলিশের।

এরই ধারাবাহিকতায় ওই দিন নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জেও হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো অনেককে আসামি করে একটি মামলা করে। সেই মামলায় বাবুর নামও ছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ।