২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল থেকে ফেরত পাঠানো হলো রানাকে

ভবন ধসে চার শতাধিক প্রাণহানির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে থাকা সোহেল রানাকে হাসপাতালে নেয়া হলেও তার শারীরিক কোনো সমস্যা পাননি চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 06:04 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সাভারে ধসে পড়া ভবনের মালিককে, যাতে নিহতের সংখ্যা চারশ’ ছাড়িয়েছে। 

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহেল রানা বুকে ব্যথা অনুভব করার কথা বলছিলেন। তখন তাকে  কার্ডিওলজি বিভাগে পাঠানো হয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষায় তার কোনো সমস্যা ধরা পড়েনি।”

এরপর সাধারণ ওয়ার্ডে এনে অন্য চিকিৎসকরা সোহেল রানাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। কিন্তু তাতেও শারীরিক কোনো সমস্যা পাওয়া না যাওয়ায় সোহেল রানাকে ফেরত পাঠানো হয় বলে ডা. রবিউল জানিয়েছেন।

রানাকে হাসপাতালে যে সব পুলিশ সদস্য নিয়ে যান, তাদের কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।

ঢাকা মেডিকেল থেকে রানাকে নেয়া হয় বারডেম হাসপাতালে।

কিন্তু কোনো সমস্যা না পাওয়ায় সেখান থেকেও তাকে ফেরত পাঠানো হয় বলে বারডেমের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা বিদেশে পালিয়ে যাওয়ার সময় দুদিন আগে বেনাপোলে গ্রেপ্তার হন। পরে আদালতের অনুমতি নিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।

গত ২৪ এপ্রিল ভবন ধসে প্রাণহানির ঘটনায় দুটি মামলা হয়েছে সোহেল রানার বিরুদ্ধে। তার বাবা আব্দুল খালেককেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুরনো খবর:

রানা ১৫ দিনের রিমান্ডে