২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৫০টিরও বেশি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রক্রিয়াধীন’

বিশ্বের ৫০টিরও বেশি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান সাহাব উল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

এসব চুক্তি সম্পাদন হলে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে বড় পরিবর্তন সাধিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শনিবার চেম্বার মিলনায়তনে এক সেমিনারে এ তথ্য জানান তিনি।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি ও ট্যারিফ কমিশন যৌথভাবে ‘দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ ও শিল্প বিকাশে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।  

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কমিশন চেয়ারম্যান সাহাব উল্লাহ বলেন, অন্যান্য দেশে ট্যারিফ সংক্রান্ত বিষয়গুলো জাতীয় ট্যারিফ কমিশন সংস্থার অওতাধীন হলেও বাংলাদেশে এ কমিশন শুধুমাত্র উপদেষ্টা কমিটি হিসেবে কাজ করছে।”

কমিশনের যথাযথ ক্ষমতা না থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এনবিআরকে নিরন্তর সহযোগিতা করে যাচ্ছে কমিশন।

ট্যারিফ কমিশনকে যথাযথভাবে ক্ষমতায়ন করা হলে দেশীয় শিল্প রক্ষাসহ সার্বিক ট্যারিফ কাঠামোর উন্নয়নে ফলপ্রসূ ও কার্যকর ভূমিকা পালন সম্ভব হবে বলেও তিনি মনে করেন। এদিকে, চট্টগ্রামে ট্যারিফ কমিশনের অঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে চট্টগ্রামে ট্যারিফ কমিশনের অঞ্চলিক কার্যালয় থাকা উচিত।

চেম্বার সভাপতির দাবির প্রেক্ষিতে চট্টগ্রামে কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান কমিশন চেয়ারম্যান।

মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ জামাল আহমেদ, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ হাবিবুল হক, চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম-কমিশনার মাহমুদুল হাসান, চেম্বার সদস্য তাহের সোবহান ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।