নারায়ণগঞ্জে গার্মেন্টে ফাটল
সাভারে ভবন ধসে তিন শতাধিকের প্রাণহানির মধ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানা ভবনে ফাটল দেখা দিলে সঙ্গে সঙ্গে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
পিপিলন নিটওয়্যার লিমিটেড নামের ওই কারখানাটির ভাড়া করা চার তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা যাওয়ার পর শুক্রবার রাতে পুলিশ ভবনটিতে যায়।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ফাটল দেখতে পায়।
সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
এই বিষয়ে ভবন মালিক খায়রুল আলম বলেন, “ভবনে ফাটল ধরেনি। দুটি দেয়ালের সংযোগস্থলের আস্তরে চিড় ধরেছে মাত্র।”
সাভারে গত বুধবার যে ভবনটি ধসে পড়ে, আগের দিন তাতেও ফাটল দেখা দিয়েছিল। ওই ভবনের মালিক সোহেল রানাও বলেছিলেন, আস্তর খসে পড়েছে মাত্র।
ধসে পড়া রানা প্লাজায় পাঁচটি পোশাক কারখানা ছিল। ধসে পড়ার সময় কাজ চলছিল বলে নিহতদের অধিকাংশই কারখানার শ্রমিক।
পিপিলন নিটওয়্যারের মালিক নুর আলম চৌধুরীও ভবন মালিকের সুরেই কথা বলেছেন।
তিনি বলেন, “ভবনের মূল বেইজমেন্টে কোনো সমস্যা নেই। শুধু মাত্র আতঙ্ক সৃষ্টি করার জন্য এসব ছড়ানো হচ্ছে।”
সাভারে ভবনটির মালিকের বক্তব্যের পর কারখানা মালিকরা কাজ চালিয়ে গিয়েছিলেন, যদিও পুলিশ কাজ বন্ধ রাখতে বলেছিল।
