চট্টগ্রামে হেফাজত-আহলে সুন্নাত সংঘর্ষ
চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এতে শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নগরীর জামিয়াতুল ফালাহ্ জামে মসজিদের খতিব জালাল উদ্দিন আল কাদেরীকে হেফাজত কর্মীরা লাঞ্ছিত করে। এ খবর ছড়িয়ে পড়লে খতিবের সমর্থক আহলে সুন্নাতের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে।
এ সময় জামিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে সমাবেশ শেষে হেফাজত কর্মীরা ফেরার পথে হাটহাজারীতে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
হেফাজত কর্মীরা হাটহাজারী বাসস্ট্যান্ডে এবং আহলে সুন্নাত সমর্থকরা শেরেবাংলা শাহ রহমত উল্লাহ মাজার শরীফ এলাকায় অবস্থান নেন। উভয়পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।
সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
খতিব জালাল উদ্দিন আল কাদেরী হেফাজতের সমালোচনাকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের গত ২০ এপ্রিলের লালদীঘির মহাসমাবেশে বক্তব্য রেখেছিলেন।
খতিব জালাল উদ্দিন আল কাদেরীকে লাঞ্ছিত করার প্রতিবাদে রাউজান ও ফটিকছড়িতেও আহলে সুন্নাতের সমর্থকরা বিক্ষোভ করে।
