২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ১২ মে

তেত্রিশতম বিসিএসের মৌখিক পরীক্ষার আগামী ১২ মে থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের পুরাতন বিমানবন্দরের প্রধান কার্যালয়ে এই পরীক্ষা নেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষৎকারপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষা তিন দিন আগ পর্যন্ত সাক্ষাৎকারপত্র না পেলে দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি নিয়ে নকল সাক্ষৎকারপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রার্থীকে ৩৩তম বিসিএসের জন্য কমিশনের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফর্ম-২ ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে ফর্মে উল্লিখিত সব সনদ/প্রত্যায়নপত্রের সত্যায়িত কপি এবং পুলিশ ভেরিফিকেশন ফর্মসহ বিপিএসসি ফর্ম-২ এর এক সেট মৌখিক পরীক্ষা বোর্ডে অবশ্যই জমা দিতে হবে।

এছাড়া বিপিএসপি ফর্ম-১ এ দেয়া অপশন সম্বলিত অ্যাপ্লিকেশন প্রিভিউ-এর দুই কপি অবশ্যই মৌখিক পরীক্ষা বোর্ডে দাখিল করতে হবে।

এসব ডকুমেন্ট, সনদ ও কাগজপত্রের মূল কপি এবং দুই সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা না দিলে তার মৌখিক পরীক্ষা নেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় ১৮ হাজার ৬৯৩ জন চাকরি প্রত্যাশী উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে সাধারণ ক্যাডারে ছয় হাজার ৮০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে চার হাজার ৪১৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ৭ হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হন।

চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।