২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন দিদার

তিন বছর পর ফিরে এসে তিন মিনিটে গতবারের চ্যাম্পিয়ন অলিকে কুপোকাত করলেন দিদার বলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 05:20 PM

Updated : 13 Oct 2022, 02:50 PM

এর আগে সেমিফাইনালে মাত্র দশ সেকেন্ডে রাউজানের ইকবাল বলীকে পরাজিত করে ফাইনালে উঠেন রামুর দিদার বলী। আর এবছরের রানার্স আপ অলি রামুর মনজুর বলীকে পরাজিত করতে সময় নেন আট মিনিট।

এ নিয়ে জব্বারের বলী খেলায় দিদার পঞ্চম বারের মত চ্যাম্পিয়ন হলেন।

জয়ের পর রামুর দিদার বলি তার প্রতিক্রিয়ায় বলেন, “বহিষ্কারের পর বেশ কয়েকবার আসার চেষ্টা করেছি, কিন্তু আমাকে অনুমতি দেয়া হয় নি। এবছর কমিটির কাছে আবেদন করে ক্ষমা চেয়ে খেলতে এসেছি।”

তিনি আরও বলেন, “আগে থেকে আশা ছিল অংশ নিতে পারলেই জয়ী হতে পারব এবং জয়ী হয়েছি।”

পর পর কয়েক বছর যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া মর্ম সিং ও দিদারকে ২০০৯ সালে বহিষ্কার করে আয়োজক কমিটি।  

পরাজয়ের পর গতবারের চ্যম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার অলি বলেন, “সেমিফাইনালে অনেক সময় নিয়ে খেলেছি। সাথে সাথে আবার ফাইনাল খেলা শুরু হয়েছে।

“রেফারিকে সময় দিতে বলা হলেও রেফারি আমাকে সময় দেন নি।”

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে ঢোলের তালে তালে শুরু হয় জব্বারের বলী খেলা। এসময় হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো লালদীঘি মাঠ।

সারাদেশ থেকে আসা ১৫ থেকে ৬০ বছর বয়সী ৮২ জন বলী প্রতিযোগিতার প্রথম রাউন্ডে অংশ নেন। এ প্রতিযোগিতায় যেমন লড়েছেন হাটহাজারি ও পতেঙ্গা থেকে আসা পঞ্চাশোর্ধ খাজা আহামদে ও মফিজ মিয়া তেমনি ছিলেন শিকলবাহার এমাজ উদ্দিনও।

৮২ জন বলীর মধ্যে থেকে নক্ আউট ভিত্তিতে রাখা হয় ৪১ জনকে।

সবশেষে শুরু হয় চ্যালেঞ্জ রাউন্ড। এতে অংশ নেন রামুর জাকের, মনজুর, রাউজানের ইকবাল, পতেঙ্গার ইউনুস ও মিরসরাইয়ের লিয়াকত।

এদিকে, সময় বেশি নেয়ায় বাদ দেয়া হয় জাকের ও ইকবালকে। সেমিফাইনালে চারজন বলী অংশ নিয়ে ফাইনালে ওঠেন দিদার ও অলি।

বিকাল ৫টা ২১ মিনিটে শুরু হয় ফাইনাল খেলা, যা স্থায়ী ছিল ৩ মিনিট ০৯ সেকেন্ড।

খেলা শেষে বিজয়ী দিদার বলী ও অলির হাতে যথাক্রমে নগদ ১৫ হাজার ও ১০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন চট্টগ্রামের সিটি মেয়র এম মনজুর আলম। এছাড়া প্রথম রাউন্ডে জয়ী সবাইকে দেয়া হয় ৫০০ টাকা করে নগদ পুরস্কার।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ) বনজ কুমার মজুমদার প্রমুখ। 

এর আগে বিকাল সাড়ে তিনটায় বলী খেলার উদ্বোধন করেন চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজ।

১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে স্থানীয় বদরপতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার আয়োজন করেন।

এদিকে জব্বারের ঐতিহ্যবাহী বলী খেলা উপলক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলাও।

নগরীর লালদীঘির মাঠকে ঘিরে আশেপাশের কয়েক কিলোমিটার জুড়ে বসেছে এই মেলা।

চট্টগ্রাম ও এর আশেপাশের এলাকা থেকে মানুষ এসেছে শতবছরের পুরনো এই মেলায় পুরো বছরের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে।