রাজশাহীতে হরতালে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
রাজশাহীর কাদিরগঞ্জ ও হেতেমখাঁ এলাকায় র্যাব-পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে পিকেটিংয়ে বাধা দেয়ায় এ সংঘর্ষ হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ করে হাতবোমার বিস্ফোরণ ঘটায় পিকেটাররা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান বলেন, কাদিরগঞ্জ মহিলা কলেজ মোড়ে ছাত্রদল ও যুবদল কর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় আগুন জ্বালিয়ে পিকেটিং করে।
‘এসময় সেখানে র্যাব পৌঁছালে হরতাল সমর্থকরা তাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।’
র্যাব সদস্যরা রাবার ব্যুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রায় একই সময়ে হেতেমখাঁ এলাকায় হরতাল সমর্থকরা মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
হরতাল সমর্থকরা ওই এলাকায় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলেও জানান জিয়াউর রহমান।
