যাত্রা শুরু করছে ডেমু ট্রেন
দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট(ডেমু) ট্রেন।
রেলওয়ে মহাপরিচালক আবু তাহের মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার আনুষ্ঠানিকভাবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডেমু ট্রেন চালু শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেমু ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রেল মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে এ রুটে একটি ডেমু ট্রেন চলাচল করবে। ধীরে ধীরে আরো কয়েকটি ডেমু ট্রেন বিভিন্ন রুটে চলাচল করবে।
মোট ১৮ জোড়া ডেমু ট্রেন বিভিন্ন রুটে চলাচল করবে বলে জানান আবু তাহের।
১৮০ ফুট দীর্ঘ এ ট্রেনে তিনটি বগি রয়েছে এবং প্রতি ট্রিপে কমপক্ষে ৮০০ যাত্রী এ ট্রেনে যাতায়াত করতে পারবে।
বেশ কিছু দিন পরীক্ষামূলক চালানোর পর এ ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করছে রেল বিভাগ।
