২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তারার’ মালিক সুদীপ্ত কাশ্মিরে গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বন্ধ হতে চলা তারা নিউজ, তারা মিউজিক ও সাউথ এশিয়া টেলিভিশনের মালিক সারদা গ্রুপের চেয়ারম্যান সুদীপ্ত সেনকে পুলিশ জম্মু ও কাশ্মির থেকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। তার সঙ্গে সারদা গ্রুপের আরো দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বিধাননগর পুলিশ কমিশনার রাজীব কুমার।

এই পুলিশ কর্মকর্তা মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের বলেন, “জম্মু ও কাশ্মিরের সনমার্গ এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। সেখানে পুলিশ তাদেরকে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও অরবিন্দ সিং চৌহান বলে সনাক্ত করেছে।”

তিনি আরো জানান, কলকাতা পুলিশের একটি টিম কাশ্মিরে রয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সুদীপ্ত সেনসহ তিনজনকে সেখানকার আদালতে হাজির করা হবে। এরপর তাদেরকে কলকাতায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হবে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সুদীপ্ত সেনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়ছিলেন।

গত ১৯ এপ্রিল সারদা গ্রুপের একদল সাংবাদিক মমতার দেখা করতে গেলে তিনি বলেন, “আমরা তাদের গ্রেপ্তার করব এবং সম্পত্তি বিক্রি করে পাওনা পরিশোধ করতে বাধ্য করব। তাদের টিভি চ্যানেল ও পত্রিকাগুলো কিনে চালানোর মত বিনিয়োগকারী আমরা খুঁজছি।”

মমতা তার দলের নেতা সাবেক রেলমন্ত্রী ও বর্তমান বিধায়ক মুকুল রায়কে সারদার এই ‘দুর্যোগ’ সামাল দিতেও বলেন।

এ বিষয়ে সারদার প্রধান নির্বাহী কর্মকর্তা ও তৃণমূল কংগ্রেসের এমপি কুণাল ঘোষের কোনো মন্তব্য পাওয়া যায়নি, যিনি এক সময় মমতার ঘনিষ্টজন হিসাবে পরিচিত ছিলেন।

ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের সাবেক প্রধান রতিকান্ত বসুর মালিকানাধীন ব্রডকাস্ট ওয়ার্ল্ডওয়াইডের (বিডব্লিউডব্লিউ) কাছ থেকে এই তিনটি চ্যানেল কিনেছিলেন সুদীপ্ত।

বাংলা দৈনিক সকালবেলা, দুটি ইংরেজি দৈনিক- কলকাতা থেকে প্রকাশিত বেঙ্গল পোস্ট ও গুয়াহাটি থেকে প্রকাশিত সেভেন সিস্টার পোস্ট এবং চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন সম্পাদিত বাংলা বিনোদন ম্যাগাজিন পরমাও চালিয়ে আসছিল সারদা।

সুদীপ্ত সেন গত সপ্তাহে সবগুলো টিভি চ্যানেল ও সংবাদপত্র বন্ধের ঘোষণা দিলে এক হাজারেরও বেশি কর্মী বিপর্যয়ের মুখে পড়েন। ‘উধাও’ হওয়ার আগে সুদীপ্ত সেন ব্যাপক লোকসানের জন্য তার কোম্পানির মিডিয়া গ্রুপকে দায়ী করেন।

সারদা মিডিয়া গ্রুপের মহা ব্যবস্থাপক ইন্দ্রজিত রায় সে সময় জানিয়েছিলেন, তারা আর এসব টিভি ও পত্রিকার জন্য তহবিল যোগাতে আগ্রহী নয়।

চ্যানেলগুলোর মধ্যে তারা নিউজ প্রথম ২৪ ঘণ্টা বাংলা সংবাদ প্রচার শুরু করে, যা ভারতের বাংলাভাষী এলাকা ও বাংলাদেশের বিভিন্ন ‘ইস্যুতে’ গুরুত্ব দিয়ে সংবাদ প্রচার শুরু করে। তারা মিউজিক দুই বাংলার খ্যাতনামা শিল্পীদের এক মঞ্চে আনার উদ্যোগ নেয়। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন বিষয় উঠে আসে টিভি সাউথ এশিয়ায়।

গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন তারা নিউজ বন্ধের ঘোষণা দিতে গিয়ে কেঁদে ফেলেন এর সংবাদ পাঠকরা। আর চ্যানেলগুলোর কর্মীরা তৃণমুল কংগ্রেসের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

সুদীপ্ত ‘গা ঢাকা’ দেয়ায় শুধু যে টেলিভিশন চ্যানেলগুলোর কর্মীরা সংকটে পড়েছেন তা নয়, বরং এমএলএম কোম্পানি ‘সারদা সম্পদে’ নিজেদের জীবনের সঞ্চয় জমা রাখা হাজার হাজার বিনিয়োগকারীও শঙ্কার মুখে পড়েছেন। ওই কোম্পানিতে নিজেদের সঞ্চয় বিনিয়োগ করতে যে এজেন্টরা এক সময় উৎসাহ যুগিয়েছিলেন, এখন তাদের খুঁজছেন তারা।

তারার কর্মীরা কলকাতা, গুয়াহাটি ও আগরতলায় সুদীপ্তের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বেশ ক’টি মামলাও করেছেন।

এই ‘বিপর্যয়ের’ মধ্যে সারদার মতো মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের দাবিও উঠে আসছে জোরেসোরে। এ কোম্পানিগুলো সাধারণ জনগণকে প্রতারিত করছে বলেও অভিযোগ রয়েছে।