চট্টগ্রামে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র ও হিরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. নুরুজ্জামান জানান, সোমবার গভীর রাতে বন্দরনগরীর সিআরবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল, ২২০ গ্রাম হিরোইন ও সাড়ে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক দুজনই নেত্রকোনা জেলার বাসিন্দা। তারা চট্টগ্রামের পটিয়ায় বসবাস করেন।
কমান্ডার নুরুজ্জামান জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মনিরের বিরুদ্ধে নগরীর একাধিক থানায় মাদক-দ্রব্য কেনাবেচা সংক্রান্ত ২০ থেকে ২৫ টি মামলা রয়েছে জানান তিনি।
অস্ত্র ও মাদকসহ তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
