২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হরতাল সমর্থকদের যানবাহন ভাংচুর

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে হরতাল সমর্থকরা সিরাজগঞ্জে অন্তত পাঁচটি যানবাহনে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া সড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনার তাঁতিবাড়ি এলাকায় হরতাল সমর্থকরা কুরিয়ার সার্ভিসের দুটি কাভার্ডভ্যানসহ পাঁচটি ট্রাক ভাংচুর করে।

হরতাল শুরুর আগেই এসব যানবাহন ভাংচুর করা হয়। পরে যানবাহনগুলো আশপাশের বিভিন্ন পেট্রল পাম্পে আশ্রয় নেয় বলে জানান সদর থানার সহকারী উপ-পরির্দশক সোহাইবুর রহমান।

তিনি জানান, এছাড়া সকাল সোয়া ৯টার দিকে হরতাল সমর্থকরা শহরের সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের সমাজ কল্যাণ মোড় ও গোশালা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও যান চলাচলে বাধা দেয়।

পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে ছয় রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শহরে মিছিল করেছে। মিছিল থেকে নেতাকর্মীরা কয়েকটি রিকশা ভাংচুর করে বলে জানায় পুলিশ ও প্রত্যÿদর্শীরা। 

হরতাল চলাকালে শহরে রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।