দেশসেরার পুরস্কার পেল ১২ মেধাবী
মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি হিসাবে দেশ সেরা ১২ শিক্ষার্থীর হাতে জাতীয় পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তাদের হাতে এক লাখ টাকার চেক ও মেডাল তুলে দেন।
দেশে প্রথমবারের মত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মাধ্যমে জাতীয়ভাবে সেরা এই ১২ মেধাবীকে নির্বাচিত করে শিক্ষা মন্ত্রণালয়।
এ প্রতিযোগিতায় তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আসা বাকি ৮৪ শিক্ষার্থীর হাতেও পরে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
১২ সেরা শিক্ষার্থীর মধ্যে ‘ভাষা ও সাহিত্য’ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম গ্রুপে এ পুরস্কার পেযেছে ঢাকার ওয়াইডব্লিউসিএ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির হুমায়রা আদিবা। নবম-দশম গ্রুপে রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির আনিকা বুশরা এবং একাদশ-দ্বাদশ গ্রুপে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির মধুরিমা সাহা এ পুরস্কার পেয়েছে।
‘দৈনন্দিন বিজ্ঞান’ বিভাগে নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বুশরা আদিব, সিলেট সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির সুপান্থ জয় এবং চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির মোহাম্মদ আজমাঈন ইকতিদারের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
‘গণিত ও কম্পিউটার’ বিভাগে পুরস্কার পেয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির তাহনিক নূর সামীন, রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ভুবন দে এবং সিলেট এমসি কলেজের একাদশ শ্রেণির আজওয়াদ আনজুম ইসলাম।
আর ‘বাংলাদেশ স্টাডিজ’ বিভাগে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির আফিয়া আনজুম জামান জেবা, রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মোসা. মোসাররত মেহজাবীন এবং বরগুনার আমতলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির আ. বাছিত মোল্লা দেশ সেরার পুরস্কার পেয়েছে।
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেয়ার আগে অষ্টম শ্রেণির হুমায়রা আদিবা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, “শিক্ষা মন্ত্রণালয়ের জন্যই এটি সম্ভব হয়েছে। প্রতি বছরই এ প্রতিযোগিতা হওয়া দরকার।”
প্রতিযোগিতায় বিজয়ী মেধাবীরা আগামীতে দারিদ্রমুক্ত সমাজ গড়তে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন হুমায়রা।
পুরস্কারের এক লাখ টাকা উদ্দীপনা জোগানোর পাশাপাশি ভবিষ্যত শিক্ষা জীবন নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ভূবন দে।
সে বলে, “সবাই আমরা এগিয়ে যাব। গড়ে তুলব স্বপ্নের স্বদেশ।”
পরে ১২ জন সেরা মেধাবী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন।
এ অনুষ্ঠানে দেশ সেরা ১২ শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর পুরস্কার তুলে দেয়ার কথা থাকলেও জাতীয় পর্যায়ে আসা বাকি ৮৪ জনের হাতেও পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।
ষষ্ঠ-অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ভাগ করে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান-গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ বিষয়ে এই প্রতিযোগিতা হয়।
গত ১৩ মার্চ সারা দেশে শুরু হয় এই প্রতিযোগিতা। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে নির্বাচিত ৯৬ জন শিক্ষার্থীকে নিয়ে গত ১৩ এপ্রিল ঢাকায় শুরু হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
তাদের মধ্যে থেকেই চার বিভাগে তিন গ্রুপে বিজয়ী ১২ জনকে দেয়া হলো সেরা মেধাবীর পুরস্কার।
মন্ত্রণালয়ের কর্মকতারা জানান, এই প্রতিযোগিতায় এক লাখের মত শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে সাত হাজার সেরা মেধাবীকে সনদ ও পুরস্কার দেয়া হয়েছে।
প্রতিযোগিতায় ‘বাংলাদেশ স্টাডিজ’ বিষয়ে বিচারক ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, ইন্সটিটউট অফ এডুকেশন রিসার্চের সাবেক পরিচালক ড. সিদ্দিকুর রহমান, চট্টগ্রামভিত্তিক শিশু সংগঠন ফুলকির সমন্বয়ক আবুল মোমেন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও সারওয়ার আলী।
ভাষা ও সাহিত্য বিষয়ে বিচারক ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক জীনাত ইমতিয়াজ আলী এবং অধ্যাপক মোহিত উল আলম।
বিজ্ঞান লেখক ড. শাহজাহান তপন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের সাবিতা রিজোয়ানা রহমান দৈনন্দিন বিজ্ঞান বিভাগের বিচারক ছিলেন।
গণিত ও কম্পিউটার বিভাগের বিচারক ছিলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও মুনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চন্দ্রনাথ পোদ্দার এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের মাহমুদা নাজনীন।
