রাজশাহীতে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালের শুরুতে রাজশাহীতে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সকাল সাড়ে ৬টার দিকে নগরীর হোসনেগঞ্জ মোড় থেকে বিএনপির জেলা সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি রাজশাহী সরকারী কলেজের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর জের ধরে নগরীর দরগাপাড়া, হেতেমখাঁ ও রাজাহাতা এলাকায় সংঘর্ষ ছাড়িয়ে পড়ে। বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
প্রায় একই সময় বিনোদপুর এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান আশিকের নেতৃত্বে ছাত্রদল একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। তারা পুলিশকে লক্ষ্য করলে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি সাহেব বাজার এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে মোলোপাড়ায় পুলিশ বাধা দেয়।
সকাল সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির নেতাকর্মীরা ফায়ার সাভির্সের মোড়ে পিকেটিং করে। এসময় তারা ঢিল ছুড়ে একটি বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের কাঁচ ভাংচুর করে। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় এক পিকেটারকে আটক করা হয়েছে বলে জানান রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন।
তিনি বলেন, “আমাদের কাছে তথ্য ছিলো মিছিল থেকে নাশকতা চালানো হতে পারে। এ কারণে আমরা মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছি।”
বিএনপি নেতা নাদিম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, নগরীর বিভিন্ন স্থানে সংঘর্ষে তাদের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে।
এদিকে রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধান দাবিতে সোমবার থেকে টানা ৬০ ঘণ্টার হরতাল করছে ইসলামী ছাত্রশিবির।
