২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগে সংঘর্ষ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 07:21 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের ট্রেনের বগিভিত্তিক দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

সোমবার রাতে প্রথমে বিশ্ববিদ্যালয় গেইটে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং পরে শাহজালাল হলের বেশ কয়েকটি কক্ষে লুটপাটের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. অহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বগিভিত্তিক ছাত্র সংগঠন সিএফসি এবং ভিএক্স-এর মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি এবং পরবর্তীতে মারামারির ঘটনা ঘটে।

ছাত্রলীগের সহ সভাপতি এবং সিএফসি বগির ‘নিয়ন্ত্রক’ অমিত কুমার বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সংগঠনের সদস্যদের ওপর হামলা করা হয়।

এ ঘটনার জন্য তিনি ভিএক্স বগির ‘নিয়ন্ত্রক’ পীযুষ কান্তি বর্মণ কে দায়ী করেন।

পীযুষ কান্তি বলেন, তাদের সদস্যদের ওপর হামলা করায় তারা প্রতিরোধ করেন।

ঘটনার জন্য তিনি অমিত কুমারকে দায়ী করেন।

আহতরা হলেন, সিএফসি বগির উদ্ভিদ বিদ্যা বিভাগের আলামিন রিমন, সমুদ্র বিদ্যা বিভাগের নুরুল আলম জিকু, সমাজতত্ত্ব বিভাগের বর্ষের জমির উদ্দিন এবং ভিএক্স সমর্থিত বগির সমাজতত্ত্ব বিভাগের সায়েদ বীন ফরহাদ পিয়াস এবং নৃবিজ্ঞান বিভাগের মিজানুর রহমান মিনু।

তারা সবাই বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান অহিদুল আলম।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।