ব্যাংকের পুঁজিবাজার নিয়ে কার্যক্রম আলাদা হচ্ছে
পুঁজিবাজারে ব্যাংকগুলোর ‘মাত্রাতিরিক্ত’ অংশগ্রহণ নিয়ন্ত্রণে পুঁজিবাজার কার্যক্রমকে বাণিজ্যিক ব্যাংকিং থেকে আলাদা করতে সংসদে বিল উত্থাপন হয়েছে।
সোমবার দিনের সম্পূরক কার্যসূচিতে ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০১৩ সংসদে অর্থমন্ত্রীর পক্ষে উত্থাপন করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে দুই দিন সময় বেঁধে দিয়ে তা অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর সংশোধনে বিলটি উত্থাপন করা হয়েছে।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অন্য কোনো আইনে অথবা ব্যাংক কোম্পানির সংঘ স্মারক ও সংঘ বিধিতে অন্য যা কিছুই থাকুক না কেন, এ আইন কার্যকর হওয়ার পর কোনো ব্যাংক কোম্পানির পরিচালক পদের সর্বোচ্চ মেয়াদ হবে তিন বছর।
“তবে শর্ত থাকে যে, কোনো ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা যে নামেই অভিহিত থাক না কেন অন্য কোনো পরিচালক একাদিক্রমে দুই মেয়াদের বেশি ওই পদে অধিষ্ঠিত থাকতে পারবে না।”
বিলে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, একক, বা অন্যের সহিত যৌথভাবে, কোনো ব্যাংক কোম্পানির উল্লেখযোগ্য শেয়ার ধারক হতে পারবে না।
বিলে আরো বলা হয়েছে, “যদি কোনো ব্যাংক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার কোনো কোম্পানির পরিচালনায় সংশ্লিষ্ট থাকেন বা তাতে তার কোনো স্বার্থ থাকে তাহলে এ আইন প্রবর্তনের তারিখ হতে এক বছর মেয়াদ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার ওই কোম্পানিতে কোন শেয়ার ধারণ করতে পারবে না।
বিলে বলা হয়েছে, অন্য কোনো আইন অথবা কোনো ব্যাংক- কোম্পানির সংঘস্মারক বা সংঘবিধিতে যাই থাকুক না কেন, এ আইন কার্যকর হওয়ার এক বছর পার হওয়ার পর কোনো একক পরিবার থেকে একজনের বেশি সদস্য একই সময়ে কোনো ব্যাংক-কোম্পানির পরিচালক পদে অধিষ্ঠিত থাকবে না।
২২ ধারায় বলা হয়েছে, লভ্যাংশ প্রদানের ওপর বিধি নিষেধ- বিশেষায়িত ব্যাংক ব্যতিত অন্য কোনো ব্যাংক কোম্পানি এর শেয়ারের ওপর কোনো লভ্যাংশ দিতে পারবে না, যদি এর প্রাথমিক ব্যয়, শেয়ার বিক্রি ও দালালির কমিশন, লোকসান এবং অন্যান্য ব্যয়সহ মূলধনী ব্যয়ে পরিণত হয়েছে এরূপ সকল ব্যয় সম্পূর্ণ রূপে অবলোপন না করা হয়ে থাকে।
২৬ ক ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক কোম্পানি অন্য কোনো শেয়ার ধারণের ক্ষেত্রে শেয়ার বাজারমূল্যে ওই ব্যাংক -কোম্পানির আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন্ড আর্নিংসের মোট পরিমাণের পাঁচ শতাংশের বেশি শেয়ার ধারণ করবে না ও ওই কোম্পানির আদায়কৃত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করবে না।
বিলে বলা হয়েছে, কোনো ব্যাংক তাদের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, সংবিধিবন্ধ সঞ্চিতি, রিটেইন আর্নিংয়ের মোট পরিমাণে ২৫ শতাংশের বেশি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে না।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন লংঘন করলে বাংলাদেশ ব্যাংক ব্যক্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানা করতে পারবে। নির্ধারিত সময়ে জরিমানা আদায় না হলে প্রতিদিন ৫০ হাজার টাকা করে বাড়বে জরিমানার পরিমাণ।
বিলে অভ্যন্তরীন নিরীক্ষা কার্যক্রম ব্যবস্থাপনা থেকে স্বাধীনভাবে পরিচালনার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যামান ব্যাংককেম্পানি আইন-১৯৯১ সর্বশেষ ২০০৩ সালে সংশোধন করা হয়। এর পর অতিবাহিত দীর্ঘ সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাংকিং খাতে অনেক পরিবর্তন হয়েছে। এ প্রেক্ষিতে আইনটি সংশোধন করা না হলে জাতীয় প্রেক্ষাপটে অসামঞ্জস্যপূর্ণ থাকবে।”
আরো বলা হয়েছে, “ব্যাংক কোম্পানিগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর মাত্রাতিরিক্ত অংশগ্রহণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পুঁজিবাজার কার্যক্রমকে বাণিজ্যিক ব্যাংকিং হতে আলাদা করার জন্য ইতোমধ্যে প্রদত্ত নির্দেশনাকে আইনগত ভিত্তি প্রদানের লক্ষ্যে বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে।”
উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, “বিশ্বব্যাপী অনুসৃত ব্যাসেল-২ এর নীতিমালা অনুযায়ী ঝুঁকিভিত্তিক মূলধন হিসাবে বিবেচ্য উপাদানগুলো নির্দিষ্ট করা ছাড়াও নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংক যাতে এগুলো সময়ে সময়ে পরিবর্তন করতে পারে সে সুযোগ রাখা হয়েছে।”
