সাংবাদিকদের সঙ্গে নতুন বোমাং রাজার মতবিনিময়
বান্দরবান বোমাং সার্কেলের নবনিযুক্ত ১৭তম রাজা উ চ প্রু সোমবার জেলায় কর্মরত সাংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ জন্য রাজবাড়িতে দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রাজা বোমাং সার্কেলের সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে এটিই রাজার প্রথম মত বিনিময়।
এ সময় বোমাং রাজা উ চ প্রু আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠেয় তার অভিষেক অনুষ্ঠানকে সফল করে তোলার লক্ষ্যে সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতা চান।
তিনি বলেন, “সম্প্রীতির বান্দরবান জেলার চালিকা শক্তির প্রদর্শক হিসেবে সাংবাদিকদের লেখনি শক্তি বৃদ্ধি করতে হবে। পাহাড়ের সংস্কৃতি, কৃষ্টি, প্রথা, রীতি-নীতির ধারাবাহিকতা বজায় রেখে সকল সম্প্রদায়ের মধ্যে বিরাজমান সম্প্রীতির বন্ধন অটুট রাখার ক্ষেত্রে কলম সৈনিকদেরই ভূমিকা বেশি।”
সংবাদ সম্মেলনে বোমাং রাজা অভিষেক অনুষ্ঠানের কর্মসূচি অবহিত করেন।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত থেকে নতুন রাজাকে অভিষিক্ত করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট (কেএসআই) অডিটরিয়ামে এ অভিষেক অনুষ্ঠিত হবে এবং এ উপলক্ষে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত ১৫তম রাজা অংশৈ প্রু চৌধুরীর পুত্র চহ্লা প্রু জিমি ও সাচিং প্রু জেরি, ১৪তম রাজা মংশৈ প্রু চৌধুরীর ছেলে মংনু প্রু ও নু মং প্রু, পুরাতন রাজপরিবারের সদস্য সাচ প্রু ব্রিগেডিয়ার ও জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনু হেডম্যান, বান্দরবান প্রেসক্লাবের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক এম ওসমান গণি ও সাধারণ সম্পাদক মিনারুল হক এবং জেলা সদরে কর্মরত সাংবাদিকরা।
