২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিশু গৃহকর্মীকে নির্যাতন

ফরিদপুর শহরে এক কলেজ শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 02:38 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

মেয়েটিকে (১১) রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়েছে।

তার বাড়ি যশোরের চাউলিয়া রূপদিয়ায়।

বেসরকারি আইন সহায়তা সংস্থা ব্লাস্ট তার চিকিৎসার তত্ত্বাবধান করছে।

ফরিদপুর ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী নির্যাতিতার বরাত দিয়ে  বলেন, এক বছর আগে সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পঙ্কজ সিকদারের ফরিদপুর শহরের চরকমলাপুরের ভাড়া বাসায় মেয়েটিকে গৃহকর্মী হিসেবে আনা হয়।

তার স্ত্রী প্রায়ই মেয়েটিকে নির্যাতন করতেন।

শিপ্রা আরো বলেন, গত ১২ এপ্রিল ওই গৃহকর্ত্রী মেয়েটির হাত-পা বেঁধে এবং মুখে কাপড় গুঁজে স্পর্শকাতর অঙ্গ পুড়িয়ে দেন।

ফরিদপুর মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ওসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. শফিকউল্লাহ বলেন, মেয়েটির সারা শরীরে নির্যাতনের অসংখ্য ক্ষত চিহ্ন রয়েছে। তার স্পর্শকাতর অঙ্গেও ঘা হয়ে গেছে ।

শিপ্রা সাংবাদিকদের বলেন, নির্যাতনের পর অসুস্থ হলেও তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়নি। এমনকি ব্যথায় কান্নাকাটি করায় তাকে মারধর করা হয়।

রোববার কৌশলে মেয়েটি এ ঘটনা প্রতিবেশীদের জানালে তারা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

মেয়েটির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় অভিভাবকের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারা এলে মামলা হবে বলে জানান শিপ্রা।

অধ্যাপক পঙ্কজ শিকদার নির্যাতনের কথা স্বীকার করে বলেন, নির্যাতনের মাত্রা বেশি হয়ে গেছে। তবে তার প্রয়োজনীয় চিকিৎসা করা হবে।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবং কয়েকজন আওয়ামী লীগ নেতা তাকে দেখতে হাসপাতালে যান।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।