২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের ১৫ অভিযোগ ইউসুফের বিরুদ্ধে

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এ কে এম ইউসুফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে প্রসিকিউশনের তদন্ত দল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 10:31 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার বিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রধান কৌঁসুলির কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত দলের অন্যতম সদস্য মো. হেলালউদ্দিন।

দুপুরে এ কে এম ইউসুফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তথ্য জানাতে ধানমণ্ডির সেফ হোমে সংবাদ সম্মেলন করে তদন্ত সংস্থা।

ইউসুফের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের মোট ১৫টি ঘটনায় তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানান তদন্ত সংস্থার সমন্বয়কারী হান্নান খান।

আবদুল হান্নান খান সাংবাদিকদের বলেন, “মুক্তিযুদ্ধকালে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা এ কে এম ইউসুফের বিরুদ্ধে আমরা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগ এনেছি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ইউসুফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং তাকে গ্রেপ্তারের আবেদন করার জন্য আমরা অনুরোধ জানাব।”

একাত্তরে মুক্তিযুদ্ধকালে প্রায় ৭০০ জনকে হত্যার সঙ্গে ইউসুফ জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।

এ ছাড়া তার বিরুদ্ধে আটজনকে হত্যা, ৩০০ বাড়ি ও ৪০০ দোকান লুটের পর অগ্নিসংযোগ এবং ২০০ হিন্দুকে ধর্মান্তর করার প্রমাণ মিলেছে বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধের সময় এ দেশে পাকিস্তানিদের গঠিত কথিত মালেক সরকারের মন্ত্রিসভার সদস্য ইউসুফ এক সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্বও পালন করেছেন। বর্তমানে দলের নায়েবে আমির তিনি।

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা-লুণ্ঠনে সহায়তা দেয়ার জন্য গঠিত সশস্ত্র বাহিনীর ‘রাজাকার’ নামটি তিনিই চালু করেন বলে জানান তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।  

ইউসুফের বিরুদ্ধে অভিযোগ

একাত্তরে কেন্দ্রীয় শান্তি কমিটির নির্দেশে এ কে এম ইউসুফ নিজে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে প্রথমে বৃহত্তর খুলনা জেলায় (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট) শান্তি কমিটি গঠন করেন। পরে মহকুমা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে জামায়াত ও মুসলিম লীগের সদস্যরাসহ স্বাধীনতাবিরোধীদের নিয়ে শান্তি কমিটি গঠন করেন তিনি।

বিভিন্ন এলাকা থেকে ৯৬ জনকে নিয়ে তিনি খুলনার আনসার ও ভিডিপি ক্যাম্পে সশস্ত্র রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন। ইউসুফ ওই অঞ্চলের শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের নেতৃত্ব দেন।

জামায়াতের উচ্চপর্যায়ের নেতা, বৃহত্তর খুলনার শান্তি কমিটির চেয়ারম্যান, রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ও মন্ত্রী হিসেবে তিনি পাকিস্তানি সেনাদের বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিতেন।

তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, পরামর্শ ও প্ররোচনায় খুলনার বিভিন্ন এলাকায় গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী নানা অপরাধ সংঘটিত হয়।

এ কে এম ইউসুফের স্থায়ী ঠিকানা বাগেরহাটের শরণখোলা থানার রাজৈর গ্রামে। ১৯৫২ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন তিনি। ১৯৫৮ সালে খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হন। ছাত্রজীবনে তিনি জমিয়তে তালাবি-ই-আরাবিয়ার সদস্য ছিলেন। ১৯৫২ সালে তিনি জামায়াতে যোগ দেন। ১৯৫৭ সালে দলের খুলনা বিভাগীয় প্রধান হন।

১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হন ইউসুফ। ১৯৬৯ সালে জামায়াতের প্রাদেশিক যুগ্ম সচিব মনোনীত হন। মুক্তিযুদ্ধকালে তিনি পাকিস্তানিদের মদদে গঠিত মালেক মন্ত্রিসভায় রাজস্ব, পূর্ত ও সেচমন্ত্রী ছিলেন।

দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে পরে তিনি মুক্তি পেয়ে যান। 

গত বছরের ২২ জানুয়ারি তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্ত সংস্থা এ পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ করেছে এবং আরো ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

তদন্তাধীন রয়েছেন- জামায়াতের অন্যতম নায়েবে আমির আবদুস সুবহান, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী; বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, হবিগঞ্জের জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সার, ফরিদপুরের এমএ জাহিদ হোসেন, যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেন, পটুয়াখালীর রুস্তম আলী শিকদার, খুলনার আমজাদ মিনা ও রাজশাহীর লাহার আলী শাহ।

আবদুল হান্নান খান ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন ও তদন্ত সংস্থার সদস্য নূরুল ইসলাম।