২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলা নিয়ে মারামারির জেরে যুবক খুন

কুমিল্লা সদরে ক্রিকেট খেলা নিয়ে মারামারির জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 10:17 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সদর উপজেলার উত্তর রেইসকোর্সের কাঠেরপুল এলাকায় রোববার মধ্যরাতে জিসানকে (১৯) ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত জিসান ওই এলাকার মো. সেলিমের ছেলে। তিনি একটি প্রাইভেট কোম্পানির ভ্যানচালক ছিলেন।

কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, রোববার বিকালে ক্রিকেট খেলা নিয়ে জিসানের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি ও একপর্যায়ে মারামারি হয়।

রাত সাড়ে ১২টায় বাড়ির সামনেই জিসানকে কয়েক যুবক বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।