২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ৬০ ঘণ্টার হরতাল শুরু

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ইসলামী ছাত্রশিবিরের ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়েছে বিচ্ছিন্ন পিকেটিংয়ের মধ্য দিয়ে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 03:47 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে কাশিয়াডাঙ্গা ও নওদাপাড়া এলাকায় শিবির কর্মীরা রাস্তায় কাঠ ফেলে ও টায়ারে আগুন জ্বলিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

এছাড়া নগরীর কাপাশিয়া সড়কেও সড়ক অবরোধের চেষ্টা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হরতালের কারণে রাজশাহীর সাহেববাজার ও নিউ মার্কেটের দোকনপাট বন্ধ রয়েছে।

আন্তঃজেলা বাস কম চললেও শহরের ভেতরে রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে সকালে শিবির কর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে।

এক পর্যায়ে তারা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের মহানন্দা ব্রিজ, শিবতলা এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ-রজশাহী মহাসড়কের রাজারামপুর এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

শিবির কর্মীরা শহরের বিভিন্ন স্থানে কয়েকটি হাতবোমাও ফাটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সকালে চাঁপাইনবাবগঞ্জ টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রেন ও শহরে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

তবে হরতালের কারণে শহরের অধিকাংশ দোকান পাট ও মার্কেট বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক সাইদ ইকবাল জানান, সকাল থেকে বড় কোনো গোলোযোগের খবর তারা পাননি। শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের সন্ধান দাবিতে তিন দিনের এই হরতাল করছে শিবির।

রাজশাহী মহানগর শিবিরের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রোববার এক বিবৃতিতে বলেন, ৪ এপ্রিল গভীর রাতে র্যাব সদস্যরা রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে ‘ধরে নিয়ে যায়’। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশ্য র‌্যাব ও পুলিশ বলছে, মোস্তাফিজের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।