২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জিল্লুর রহমান না থাকলে গণতন্ত্র ফিরত না’

দেশের রাজনীতিতে মো. জিল্লুর রহমানের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি না থাকলে ওয়ান-ইলেভেনের পর গণতন্ত্র ফিরে আসত না।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে রোববার শোক প্রস্তাবের ওপর আলোচনায়র তিনি একথা বলেন।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ছাত্র-শিক্ষক, ব্যবসায়ীসহ সকলের ওপর মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অকথ্য নির্যাতন করেছিলো।তখন গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা চালানো হয়।”

সে সময় দলকে সংগঠিত করার পাশাপাশি গণতন্ত্র ফিরিয়ে আনতে জিল্লুর রহমান আন্দোলন করেছেন, বলেন আওয়ামী লীগ সভাপতি হাসিনা।

জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের প্রথম দিনে জিল্লুর রহমানের ওপর শোক প্রস্তাব উত্থাপন হয়।

এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল জলিল, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এম মজিদ উল হক, সাবেক প্রতিমন্ত্রী মুহাম্মদ আনসার আলী সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য ও বাসদ নেতা আবদুল্লাহ সরকার, সাবেক সংসদ সদস্য এম ছিদ্দিক, নাজির হোসেন চৌধুরী (নিলু), মিজানুর রহমান চৌধুরীর জন্যও শোক প্রস্তাব তোলা হয়।

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের মৃত্যুতেও শোক জানায় সংসদ।

শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা প্রথমেই বলেন, “আজকে আমাদের এই অধিবেশনটা শুরু হলো শোকের মধ্য দিয়ে। আমারা হারিয়েছি আমাদের রাষ্ট্রপতিকে আর আমাদের একজন সহকর্মী আব্দুল জলিলকে।”

প্রধানমন্ত্রী সকলের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মুতিচারণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, “৪৬ সাল থেকে ছাত্রাবস্থায় তিনি জাতির পিতার সাথে কাজ করতে শুরু করেন।

“এমন একটা সময় তিনি আমাদের ছেড়ে চলে গেলেন, যখন আমাদের জন্য, দেশের মানুষের জন্য তার প্রয়োজন ছিলো। আমরা মনে করি আর কিছু দিন যদি তিনি থেকে যেতেন।”

গ্রেপ্তার হওয়ার পর জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছেন। তিনি গুরু দায়িত্ব পালন করেছেন। আমার সঙ্গে কোর্টে দেখা করেছেন। আমার সঙ্গে তথ্যের আদান প্রদান হতো।”

শেখ হাসিনা বলেন, “যারা জাতির পিতার সাথে কাজ করেছেন, তারা আর নেই। তিনি একমাত্র ছিলেন, তিনিও চলে গেলেন। যাদের চাচা বলে ডাকতাম, তাদের সবাই চলে গেছেন। উনি সর্বশেষ ছিলেন।”

শেখ হাসিনা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে জিল্লুর রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

জনগণ জিল্লুর রহমানের প্রতি যে সম্মান দেখিয়েছেন- সে জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

দলের সাবেক সাধারণ সম্পাদকের কথা স্মরণ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, “আব্দুল জলিল আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। নেতা-কর্মীদের খোঁজ-খবর রেখেছেন।”

এরশাদ বিরোধী আন্দোলনে জলিলের ভূমিকাও স্মরণ করেন শেখ হাসিনা।

শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রয়াত রাষ্ট্রপতির কথা স্মরণ করে আমির হোসেন আমু বলেন, “জিল্লুর রহমান আজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তিনি নির্দলীয় ব্যক্তিদের থেকে নির্দলীয় ভূমিকা পালন করতে পারেন- তা প্রমাণ করেছেন।”

জিল্লুর রহমানকে স্মরণ করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ওয়ান-ইলেভেন পরবর্তী পরিস্থিতি থেকে বের হয়ে আসা তার পক্ষেই সম্ভব হয়েছে।

জিল্লুর রহমান ও আব্দুল জলিলের স্মৃতিচারণ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “রাজনৈতিক আদর্শ আর নিষ্ঠা এখন অতীত। তারা তা আমাদের দেখিয়ে গেছেন।” 

আলী আশরাফ বলেন, “বঙ্গবন্ধুর মৃত্যুর পর চরম প্রতিকূলতার মধ্যেও জিল্লুর রহমান দলকে ধরে রেখেছেন। তার মুত্যুতে জাতি অভিভাবকহীন অবস্থায় চলে গেছে।”

আব্দুল জলিলের স্মৃতিচারণ করে আব্দুল মতিন খসরু বলেন, “মানুষকে অপমান করার মধ্যে কোনো গৌরব নেই। যারা ক্ষমতা পেয়ে মাথা গরম করেন- তারা পালানোর পথ পাবেন না।”

ফজলে রাব্বী মিয়া বলেন, “১/১১ তে আব্দুল জলিলের ওপর যে টর্চার করা হয়েছিল, তাতে মনে হয় তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে।”

শোক প্রস্তাবের আলোচনায় আরো অংশ নেন, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদ, আব্দুল লতিফ সিদ্দিকী, সুরঞ্জিত সেনগুপ্ত, শাজাহান খান, রহমত আলী, দীপু মনি, আব্দুল মান্নান, হাসান মাহমুদ, আব্দুস শহীদ, শেখ ফজলুল করিম সেলিম, মুন্নুজান সুফিয়ান, ফজলে রাব্বী মিয়া, এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, রওশন জাহান সাথী, মুজিবুল হক, জুনায়েদ আহমেদ পলক, ফজিলাতুন্নেসা বাপ্পী, অপু উকিল, তারানা হালিম, নাজমা আক্তার, শাহীন মনোয়ারা হক, শহীদুজ্জামান সরকার, আসমা জেরিন ঝুমু, আশরাফুন্নেসা মোশাররফ।

পুরনো খবর:

‘সংকটে আশ্রয় ছিলেন জিল্লু চাচা’