অর্পিত সম্পত্তি আইন আরো সংশোধনে সংসদে উত্থাপন
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ(সংশোধন)অধ্যাদেশ-২০১৩ জাতীয় সংসদে উত্থাপন হয়েছে।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন-২০০১ আরো সংশোধনে এই অধ্যাদেশটি উপস্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করতে প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
সংসদ অধিবেশন না থাকায় সংশোধিত আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা হয়।
সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে। অধ্যাদেশ সংসদে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে পাস করাতে হয়।
দুটি ‘ক্যাটাগরিতে’ অর্পিত সম্পত্তির তালিকা করা হয়েছে। ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেয়া হয়েছে। আর ‘খ’ তালিকার সম্পত্তি সরকারের দখলে বা ইজারায় নেই।
২০০১ সালের এই আইনে তিনটি সংশোধনী আনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের বলেছিলেন, ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি নিয়ে মামলা নিষ্পত্তিতে ৬১টি জেলায় একটি করে ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আদালত (ট্রাইব্যুনাল) এবং আপিল ট্রাইব্যুনাল করার কথা বলা রয়েছে আইনে।
বিদ্যমান আইন অনুযায়ী, মূল ট্রাইব্যুনাল পরিচালনা করতো জেলা জজ আদালত, আর আপিল করতে হতো সুপ্রিম কোর্টে।
আইনের এই ধারাটি সংশোধন করে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্তি জেলা জজ ও সেশন জজদেরও আদালত পরিচালনার ক্ষমতা দেয়া হবে। আর আপিল নিষ্পত্তি করবে জেলা দায়রা জজ।
