২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকীর খুনিরা যে বংশেরই হোক ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বির ছেলে তানভীর মুহাম্মদ ত্বকীর খুনিরা যে বংশ বা গোষ্ঠীরই হোক না কেন তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার নারায়ণগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ত্বকী হত্যাকাণ্ড জাতির জন্য একটি মর্মান্তিক ঘটনা। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশকে সব ধরনের নির্দেশ দেয়া আছে।

দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং এ্যান্ড ওয়ার্কস কোস্টগার্ডের জন্য ১৩ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হারবার পেট্রোল বোট হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“খুনি যেই হোক, যে বংশেরই হোক, যে গোষ্ঠীরই হোক তাদের কাউকে ছাড় দেয়া হবে না,” বলেন আওয়ামী লীগের এই উপদেষ্টা।

এ সময় তিনি সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ চার জনের খুনের ঘটনাসহ সারাদেশে তাণ্ডবের সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দেন।

গত ৬ মার্চ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মেধাবী ছাত্র ত্বকী। ৮ মার্চ শহরের চারারগোপের শীতলক্ষ্যা নদীর একটি খাল থেকে ত্বকীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গত ১৮ মার্চ রফিউর রাব্বি ছেলে হত্যায় জড়িত সন্দেহে সাত জনের নাম সুনির্দিষ্ট করে জেলা পুলিশ সুপারকে একটি অবহতিপত্র দেন।

এদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ নেতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, অয়নের বন্ধু রিফাত ওসমান, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা হাজী রিপনের ছেলে সালেহ রহমান সীমান্ত, যুবলীগ নেতা জহিরুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজীব দাশ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন।  

এরমধ্যে শুধু রিফাতকে গ্রেপ্তার করে পুলিশ। খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ত্বকীর পরিবারের।

পেট্রোল বোট হস্তান্তর অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল সারোয়ার হোসেন, নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর খুরশিদ মালিক।

অনুষ্ঠানে সেলিনা হায়াত আইভী স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, “নারায়ণগঞ্জের পুলিশ সুপার যথেষ্ট  যোগ্য। আপনি নির্দেশ দিলে পাঁচ মিনিটের মধ্যে ত্বকী হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করা সম্ভব।”

“শীতলক্ষ্যা নদীতে শিল্পকারখানার বর্জ্যের পাশাপাশি একের পর এক লাশের কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অভিভাবকরা তাদের সন্তানকে স্কুলে পাঠাতে সাহস পাচ্ছেন না,” যোগ করেন আইভী।

কমডোর খুরশিদ মালিক বলেন, হারবার পেট্রোল বোটটি আন্তর্জাতিক মানসম্পন্ন। এটি ৩৮ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলদস্যু ও চোরাচালান দমন এবং জাটকা নিধন প্রতিরোধসহ বিভিন্ন কাজে কোস্টগার্ড এটি ব্যবহার করবে।