অপহরণের একদিন পর ছাত্রী উদ্ধার, আটক ৩
পঞ্চগড়ে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) অপহরণের একদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়।
শনিবার রাতে পঞ্চগড়-হাড়িভাসা সড়কের বলেয়াপাড়া এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়।
আটকরা হলেন উপজেলার গোফাপাড়া গ্রামের হুসেন আলীর ছেলে রুবেল (২২), উত্তর ডুডুমারীর মোকছেদ আলীর ছেলে হাসান (২০) এবং ডুডুমারী ফকিরপাড়ার নজরুল ইসলামের ছেলে আতোয়ার রহমান (২০)।
রোববার আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
এ ঘটনার মেয়েটির মা আটক তিনজনসহ ছয়জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে সদর থানার ওসি হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, শুক্রবার সন্ধ্যায় পাশের চাচার বাড়িতে যাওয়ার পথে রুবেলসহ (২২) কয়েকজন যুবক মেয়েটির মুখ বেঁধে মোটরসাইকেলে করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে পরিবারের লোকজন ঘটনাটি থানায় জানায়। পরে পুলিশ এলাকার লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে।
মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি হুমায়ুন কবীর।
