নির্বাচনে নলছিটিকে অখণ্ড রাখার দাবি
ঝালকাঠীর নলছিটি উপজেলার চারটি ইউনিয়নকে বর্তমান সংসদীয় আসন থেকে কেটে পাশের একটি আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদ করেছে এলাকাবাসী।
নলছিটি উপজেলা রক্ষা কমিটি আয়োজিত এ কর্মসূচির পর তারা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।
আয়োজকরা জানান, ঝালকাঠী সদর ও নলছিটি উপজেলা নিয়ে বর্তমান ঝালকাঠী-২ আসন গঠিত।
সম্প্রতি উপজেলার কুশঙ্গল, সুবিদপুর, মোল্লারহাট ও রানাপাশা ইউনিয়নকে কেটে ঝালকাঠী-১ (রাজাপুর ও কাঠালিয়া উপজেলা) এর সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেয়া হয়।
এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপণ জারি করে।
আগামী ২৫ এপ্রিল এ প্রস্তাবের উপর আপত্তি বা পরামর্শের জন্য শুনানির দিন ধার্য করেছে ইসি।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা এ প্রস্তাবকে ‘জনস্বার্থবিরোধী’ বলে উল্লেখ করে ঝালকাঠী-২ আসনের পূর্বের সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করার দাবি জানান।
