আদালত অবমাননায় অভিযুক্ত ৩ জামায়াত নেতা
জামায়াতের তিন নেতাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে ট্রাইব্যুনাল।
গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে জামায়াতের এই সমাবেশ থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালবিরোধী বক্তব্য দেয়া হয়।
জামায়াতের এই তিন নেতা হলেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন।
বিচারাধীন বিষয়ে বক্তব্য দেয়ায় এই তিনজনকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।
কিন্তু তিন দফা সময় দেয়ার পরও তারা হাজির না হওয়ায় গত ৬ মার্চ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
সে অনুযায়ী র্যাব গত ১০ মার্চ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার পর বিচারক তাকে জামিন দেন। ওই দিনিই আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য জমা দেন সেলিম।
রোববার ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সেলিম যে ব্যাখ্যা দিয়েছেন তাতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট নয়। এ কারণে সেলিমসহ পলাতক দুই জামায়াত নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো।
আদেশের পর প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, “ট্রাইব্যুনাল জামায়াতের তিন নেতাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে। ৯ মে এ বিষয়ে শুনানি হবে।”
জামায়াত নেতা সেলিম উদ্দিন গত ৪ ফেব্রুয়ারি মতিঝিলে দলের এক সমাবেশে বলেন, “একটা রায়-ই শেষ নয়। রায়ের পর বহু প্রতিক্রিয়া আছে। বিষয়টি হালকাভাবে দেখলে চলবে না। দেশকে গৃহযুদ্ধের থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেয়ার কোনো সুযোগ নেই।”
জামায়াতের অপর নেতা হামিদুর রহমান আযাদ ওই সমাবেশে বলেন, এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।
এরপর ৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিকে তাদের বক্তব্য সম্বলিত খবর প্রকাশিত হলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে ৭ ফেব্রুয়ারি নোটিস জারি করে।
তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই নোটিসে।
এছাড়া রফিকুল ইসলাম খান গত ৫ ফেব্রুয়ারি প্রেস ব্রিফিং করে ট্রাইব্যুনালের বিচারের বিষয়ে বক্তব্য দেন। সে বিষয়টিও ট্রাইব্যুনাল আমলে নিয়ে তাকেও হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়।
