জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রাম বন্দরে লাইটারেজ জাহাজ চলাচলে নীতিমালা প্রণয়নসহ চার সিদ্ধান্তের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করেছে জাহাজ মালিকদের দুই সংগঠন।
তবে ২০ শতাংশ বর্ধিত মজুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাইটারেজ জাহাজে (ছোট জাহাজ) কর্মরত শ্রমিকদের ধর্মঘট অব্যাহত থাকবে।
শনিবার বিকালে চট্টগ্রাম বন্দর ভবনে এক সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান জাহাজ মালিকদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের জানান।
গত ৪ এপ্রিল থেকে সিমেন্ট শিল্প মালিকদের নিজস্ব জাহাজ ওয়াটার ট্রান্সর্পোট সেলের মাধ্যম পরিচালনার দাবিতে ধর্মঘট পালন করছে লাইটারেজ জাহাজ মালিকরা।
একই সাথে শ্রমিকরাও ঘোষিত ২০ শতাংশ বর্ধিত মজুরি বাস্তবায়নে এ ধর্মঘট করে আসছে।
বন্দর ভবনে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে নৌমন্ত্রী সভা করেন।
সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, চারটি সিদ্ধান্তে বন্দরে পণ্য পরিবহণে অচলাবস্থা দূর হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও তৎসংলগ্ন এলাকায় সুশৃংখলভাবে পণ্য পরিবহনে নৌযানের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে একটি কমিটি করা হয়েছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহা পরিচালক ক্যাপ্টেন জোবায়ের আহমেদকে আহ্বায়ক করে ১২ সদস্যর এ কমিটিকে ১৫ দিনের মধ্যে এ নীতিমালার বিষয়ে সুপারিশ পেশ করতে বলা হয়েছে।
নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত মনিটরিং সেল গঠনের মাধ্যমে লাইটারেজ জাহাজগুলো বন্দরের পণ্য পরিবহন করবে বলেও মন্ত্রী জানান।
তিনি অারো বলেন, সিমেন্ট শিল্প মালিক কর্তৃপক্ষের লাইটারেজ জাহাজগুলো তাদের কাঁচামালের ৫০ শতাংশ নিজেদের ও বাকিগুলো অন্যান্য মালিকদের জাহাজের মাধ্যমে পরিবহন করবে।
যদিও সিমেন্ট শিল্প মালিকরা সভায় উপস্থিত ছিলেন না। তবে তাদেরকে সভায় উপস্থিত হতে বার বার অনুরোধ করা হয় বলে মন্ত্রী জানান।
এ সব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লাইটারেজ জাহাজগুলো তাদের ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয়েছে বলে শাহাজাহান খান জানান।
এ সময় বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি কাজী মাহবুব উদ্দিন আহমদ বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিজেদের স্বার্থ কিছুটা ক্ষুন্ন করেও পণ্য পরিবহনে চট্টগ্রাম বন্দরকে সচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
“এই সিদ্ধান্ত সঠিকভাবে পালন হলে জাহাজ মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা দিতে পারবে। এর ফলে শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত মজুরিও আমরা পরিশোধ করতে পারব।”
তবে নৌ-যান শ্রমিকদের সংগঠন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের সাথে জাহাজ মালিকদের সমঝোতা হলেও, আমাদের জন্য ঘোষিত বর্ধিত ২০ শতাংশ মজুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”
দেশের ১৯ টি সিমেন্ট কারখানার মধ্যে সাতটির নিজস্ব লাইটারেজ জাহাজে পণ্য পরিবহণ করে থাকে জানিয়ে নৌমন্ত্রী বলেন, লাইটারেজ জাহাজ চলাচলে সরকারের ওই সকল সিদ্ধান্ত সিমেন্ট শিল্প মালিকরা মেনে না নিলে তাদের রিবুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জোবায়ের আহমেদ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. শামসুজ্জোহা খন্দকার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিবচালক কমোডর মুকসুমুল কাদের ও বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি বেলায়েত হোসেন।
