জিল্লুর রহমান স্মরণে রাজধানীতে শোকসভা
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে রাজধানীতে শোকসভা হয়েছে।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতাল (এনসিআরআইএইচ) ওই স্মরণসভার আয়োজন করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক, ক্যান্সার সোসাইটির সভাপতি ও ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মোল্লা ওবায়েদুল্লাহ বাকী প্রয়াত রাষ্ট্রপতিকে স্মরণ করে বক্তব্য দেন।
এছাড়া বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সহ-সভাপতি সিএম দিলওয়ার রানা ও সুলতান মাহমুদুর রহমান, মহাসচিব শেখ গোলাম মোস্তফা, সোসাইটির আজীবন সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ মান্নান প্রয়াত জিল্লুর রহমানকে স্মরণ করে বক্তব্য রাখেন।
বাংলাদেশ ক্যান্সার সোসাইটির আজীবন সদস্য হিসেবে এ সংগঠনের ও এনসিআরআইএইচ’র উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতির অবদানের কথা উঠে আসে তাদের স্মৃতিচারণে।
এছাড়া ব্যক্তিজীবনে মো. জিল্লুর রহমানের সততা ও একনিষ্ঠতাও তুলে ধরেন তারা।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
