২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার গণরোষকে বলছে সন্ত্রাসী কর্মকাণ্ড: মোশাররফ

সরকার ‘গণরোষের’ বহিঃপ্রকাশকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 09:10 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

Image
খন্দকার মোশাররফ হোসেন

খন্দকার মোশাররফ হোসেন

তিনি বলেছেন, “যখন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন চালাচ্ছে এবং পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করছে, তখন এসবের বিরুদ্ধে জনগণের প্রতিরোধকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বিরোধী দলের ওপর দোষ চাপানো হচ্ছে।”

শনিবার সকালে রাজধানীতে এক প্রতীকী অনশন কর্মসূচিতে এ কথা বলেন মোশাররফ।

‘বিএনপি কখনো সন্ত্রাসে বিশ্বাস করে না’ দাবি করে এই বিএনপি নেতা বলেন, “সরকার নিজেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সন্ত্রাস করছে। এসব বন্ধ করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন, দেশে আর কোনো গণপ্রতিরোধ হবে না।”

ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলের ওপর হামলার ঘটনাকে ‘গণপ্রতিরোধ’ আখ্যা দেয়ায় শুক্রবার বিএনপির সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, “তারা (বিএনপি) ঘোষণা দিয়েছেন, ভুজপুরের ঘটনা আরো ঘটবে। এটা কোনো রাজনীতির ভাষা হতে পারে না।

“হত্যা-খুন-হামলা সন্ত্রাসী কার্যক্রম- এগুলো কোনোভাবেই রাজনীতি নয়। আপনারা (বিএনপি) রাজনীতি ছেড়ে সন্ত্রাসী সংগঠন গড়ে তুলুন। বাংলার মানুষ আপনাদের রাজনীতিবিদ হিসেবে দেখতে চায় না।”

গত ১১ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলের হামলায় নিহত হন তিনজন। জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের নেতারা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এই প্রতীক গণঅনশন কর্মসূচি পালন করে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ অনশনে কেরানীগঞ্জে বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও অংশ নেন।

খন্দকার মোশাররফ অভিযোগ করেন, “সরকার গায়ের জোরে নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতায় থাকতে চায়। নেতাদের কারাগারে আটক রেখে যেনতেনভাবে নির্বাচন করে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।”

বিএনপির আরো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মোশাররফ বলেন, “আমরা সরকারকে বলতে চাই, নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করতে পারবেন না। বাঁকা পথ পরিহার করে শান্তির স্বার্থে গণতন্ত্রের পথে ফিরে আসুন।”

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা কমিটির সভাপতি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ ঢাকা জেলার নেতারা অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন।

এদিকে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তৃণমূল দলের উদ্যোগে নেতাদের মুক্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

সংগঠনের সভাপতি মো. হানিফ ব্যাপারীর সভাপতিত্বে এ কর্মসূচিতে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বক্তব্য দেন।