২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ১২ কারখানা ছুটি

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বিক্ষুব্ধ  কর্মীরা ভাংচুর শুরু করায় ১২ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 08:43 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার সকালে আশুলিয়ার তৈয়বপুর বিশমাইল-জিরাবো সড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হন রেডিয়েন্স নিট অয়্যারের কর্মী সাহিদা বেগম (৩৮)। তিনি কাজীপাড়ার মৃত আব্দুস সালামের স্ত্রী।

শিল্প পুলিশের আশুলিয়া জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে সাহিদা হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।

তৈয়বপুর এলাকায় সিলভার স্টাইল অ্যান্ড ডিজাইন লিমিটেড কারখানার সামনে সোহাগ টেক্সটাইল মিলের একটি কর্ভাড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা।

এ খবর ছড়িয়ে পরলে কয়েক হাজার  শ্রমিক জিরাবো ও তৈয়বপুর এলাকায় সড়কে নেমে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ভাংচুর শুরু করে।

এ সময় বড় ধরনের গোলোযোগ এড়াতে ওই এলাকার ১২টি কারখানায় শনিবারের  জন্য ছুটি ঘোষণা করা হয় বলে মনিরুজ্জামান জানান। 

এদিকে দুর্ঘটনার পর বেশ কিছু সময় ক্ষুব্ধ শ্রমিকরা বিশমাইল-জিরাবো সড়ক অবরোধ করে রাখে এবং সাহিদার নিয়ে যাওয়ার পথে পুলিশকে বাধা দেয়।

পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও কারখানা কর্মকর্তাদের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।