ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ ৪ জন খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়ি থেকে তার স্ত্রীসহ চারজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে তাদের লাশ পাওয়া যায়।
নিহতরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার (৪৫), শামীমার ছোট ভাই রানা (২৫), গৃহকর্মী মনি (২০) ও রেখা (২২)।
এ ঘটনায় বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিকালে ঢাকা থেকে আসা সিআইডির পাঁচ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝাউছড়া গ্রামে রফিকুলের বাড়িতে তার দ্বিতীয় স্ত্রী শামীমা আক্তার ও দুই গৃহকর্মী থাকতেন।
রফিকুলের শ্যালক রানা শুক্রবার রাতে সিলেট থেকে বেড়াতে আসেন।
শনিবার সকালে তাদের গাড়ির চালক এসে ডাকাডাকি করে কাউকে না পেয়ে শামীমার মোবাইলে ফোন করেন। কিন্তু তিনি ফোন না ধরায় বাড়ির প্রহরী আবদুস সাত্তার বিষয়টি রফিকুলের স্বজনদের জানান।
তাদের কাছে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বাড়িতে ঢুকে চারজনের জবাই করা লাশ উদ্ধার করে।
ওসি আতিক বলেন, “দারোয়ান সাত্তার ভোর ৪টায় চিৎকারের মতো শব্দ শুনতে পেয়েছিল বলে জানিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড চালানো হয় বলে পুলিশ ধারণা করছে।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার (এসপি) সাংবাদিকদের বলেন, চেয়ারম্যানের স্ত্রীর লাশ তার ঘরের বিছানার পাশে মেঝেতে পড়েছিল। আর পাশের ঘরে বিছানার উপরেই ছিল রানার লাশ। ড্রয়িং রুম ও রান্না ঘরের মেঝেতে দুই গৃহপরিচারিকার লাশ পাওয়া গেছে।
চারজনকেই গলা কেটে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সুপার আরো বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং ঘরের মেঝেতে পায়ের ছাপ দেখে অনুমান করা যাচ্ছে এতে দুই থেকে তিনজন অংশ নেয়।
ধারণা করা হচ্ছে, খুনিরা পূর্ব পরিচিত হওয়ায় তিনতলা ভবনের কলাপসিবল গেইট ও ভেতরের দরজা খুলে তাদের দোতলায় ঘরের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছিল।
তারা খুনের উদ্দেশ্যেই বাড়িতে প্রবেশ করেছিল।
ঘর থেকে কোনো জিনিসপত্র লুটপাট বা তছনছ করা হয়নি, বলেন এসপি।
এসপি নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা সিআইডির পাঁচ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। ডাইনিং টেবিলের উপর ব্যবহার করা ৩/৪টি গ্লাস পাওয়া গেছে।
বিশেষজ্ঞ দলের ধারণা- নিহতদের নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার পর তা নিশ্চিত হওয়া যাবে।
এছাড়া ওই ঘর থেকে ফুটপ্রিন্টও নিয়ে গেছেন তারা।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোটভাই হাবিবুর রহমান হবু সাংবাদিকদের বলেন, তার ভাই ও ভাবীর সঙ্গে কারো শত্রুতা ছিল না।
তিনদিন আগে রফিকুল ইসলাম সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে গেছেন বলেও তিনি জানান।
এদিকে ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে সিআইডির পাঁচ সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) এস এম আশরাফুজ্জামান।
