২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীন নেতৃত্ব তৈরির উদ্যোগ ‘ওয়ান ডিগ্রির’

সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং এর সমাধানে সাংগঠনিক দক্ষতা তৈরিতে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে একদল শিক্ষার্থী, যাকে তারা বলছেন ‘ওয়ান ডিগ্রি চ্যালেঞ্জ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

এই উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর ফার্মগেটে কনকর্ড টাওয়ারে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ওয়ান ডিগ্রি ইনেশিয়েটিভ (ওয়ানডিআই)। দেশের ছয়টি জেলার ৫০টি স্কুলের শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়। শুক্রবার ছিল এর শেষ দিন।

ওয়ানডিআইয়ের পরিচালক মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওয়ান ডিগ্রি চ্যালেঞ্জ এর প্রধান লক্ষ্য হচ্ছে সামাজিক সেবা ক্লাবের মাধ্যমে বাংলাদেশকে সামাজিক কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।”

“এই প্রশিক্ষণের পর শিক্ষার্থীরা নিজেদের এলাকায় ফিরে গিয়ে দলগতভাবে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করবে। এবং স্কুলভিত্তিক একটি সেবা ক্লাব তৈরির মাধ্যমে সমস্যা সমাধানের পথও বের করবে।”

এই সেবা কার্যক্রমকে আরো বেশি কার্যকর করে তুলতে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষার্থির পাশাপাশি শিক্ষককেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।

একদল তরুণের উদ্যোগে ২০০৬ সালে ওয়ানডিআইয়ের কার্যক্রম শুরু হয়। অস্ট্রেলিয়া, নেপাল, কানাডা ও আফগানিস্তানেও এর কার্যক্রম চলছে।

কর্মশালায় অংশ নিতে আসা চট্টগ্রামের স্কুল শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা মেঘলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এখানে শিখছি কীভাবে নেতৃত্ব দিতে হয়। কীভাবে একটা সমস্যা চিহ্নিত করে পরিকল্পনামাফিক তা বাস্তবায়ন করতে হয়। এখন আমার স্কুলের অন্যদেরও শেখাবো।”

ওয়ানডিআইয়ের পুরো কার্যক্রম চলছে বাংলাদেশের মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে।