২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ডাক দিয়েছে দুর্নীতিবিরোধী মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রংপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার বিকাল ৫টায় এক জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের নেতা ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মতিউর রহমান।

উপাচার্যবিরোধী আন্দোলনের ছয় শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতিবিরোধী মঞ্চের নেতারা।

এর অংশ হিসেবে উপাচার্যের কার্যালয় ও প্রশাসনিক ভবনসহ সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

অধ্যাপক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলন চলাকালে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

“উপাচার্যকেও ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না,” বলেন তিনি। 

উপাচার্য আব্দুল জলিল মিয়ার ‘দুর্নীতির’ প্রতিবাদ এবং তার অপসারণ দাবিতে ৫ জানুয়ারি শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয় দুর্নীতি বিরোধী মঞ্চ।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে উপাচার্যের বাসভবন ও ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

উপাচার্যবিরোধী আন্দোলন করার অপরাধে বৃহস্পতিবার আন্দোলনকারী ছয় শিক্ষক-কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।