সীতাকুণ্ডে ১৪৪ ধারা
আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সভা ডাকায় সীতাকুণ্ডের দুটি স্থানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সলিমপুর ও ভাটিয়ারি ইউনিয়নে এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাটিয়ারির জলিল টেক্সটাইল গেইট এলাকায় শুক্রবার দুপুরে সমাবেশের ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ।
প্রায় একই সময় ওই এলাকায় বিএনপিও সমাবেশের ডাক দেয়।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটার শঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে বলে ওসি জানান।
