কাদের মোল্লার আপিলে রায় উপস্থাপন শেষ
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিলে রায় পড়ে শোনানো শেষ করেছে রাষ্ট্রপক্ষ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে আপিলের শুনানি হয়।
গত ১ এপ্রিল আপিলের শুনানির শুরুর দিনে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রায় পড়া শুরু করেন, যা বৃহস্পতিবার দুপুরে পড়া শেষ করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
আপিল বিভাগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের পক্ষে লড়ছেন খোন্দকার মাহবুব হোসেন।
এর আগে আসামি পক্ষ আপিলের শুনানি থেকে দুই বিচারপতিকে বিরত রাখার আবেদন করায় মাঝে আপিলের শুনানি বন্ধ হয়ে যায়। গত ১৬ এপ্রিল আদালত ওই আবেদন খারিজ করে দেয়।
একাত্তরে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হলেও সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ না আসায় এবং একটি অপরাধের অভিযোগ থেকে খালাস দেওয়ায় গত ৩ মার্চ সুপ্রিম কোর্টে আপিল করে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে অভিযোগ থেকে খালাসের আবেদন জানিয়ে পরদিন আপিল করেন কাদের মোল্লা।
আইনে আপিল বিভাগে ৬০ দিনের মধ্যে এই ধরনের আপিলের নিষ্পত্তির বিধান রয়েছে।
ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং একটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেননি বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
এর মধ্য দুটি অভিযোগে কাদের মোল্লার যাবজ্জীবন এবং আরো দুটি অভিযোগে ১৫ বছর কারাদণ্ড দেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আগে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ ছিল না। শুধু যে কোনো খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল রাষ্ট্রপক্ষের।
এই রায়ে অসন্তোষ প্রকাশ করে শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর আইনের অসামঞ্জস্যতা দূরের উদ্যোগ নেয় সরকার। গত ১৭ ফেব্রুয়ারি আইন সংশোধন হলে উভয় পক্ষেরই আপিলের সমান সুযোগ তৈরি হয়।
