২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ঝড়ে আরো ১ জনের মৃত্যু

কক্সবাজার সদরে ঝড়ের সময় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

নিহত শফিক আহমদ (৫৫) উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পুর্ব করিম সিকদারপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য এবাদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এনিয়ে কক্সবাজারে মঙ্গলবারের ঝড় এবং বজ্রপাতে নিহতের সংখ্যা দাঁড়ালো ৬-এ।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি জানিয়েছে, ঝড়ের সময় বঙ্গোপসাগরে থাকা ১৩টি ফিশিং ট্রলারসহ শতাধিক মাঝি-মাল্লা এখনো নিখোঁজ রয়েছে।

ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, নিখোঁজ মাঝি মাল্লাদের খোঁজে বোট মালিক সমিতির পক্ষ থেকে বুধবার বিকালে কয়েকটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তবে তাদের সন্ধান মেলেনি। সাগর উত্তাল থাকায় শতাধিক ট্রলার এখনো সাগর থেকে কূলে ফিরতে পারছে না।

বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বজ্রসহ মেঘ এবং ঝড়ো হাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে।

কক্সবাজার, চট্রগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার ৩ দফায় কক্সবাজারে কালবৈশাখী আঘাত হানে।