বিদেশে নারীকর্মী পাঠাতে বরিশালে নিবন্ধণ শুরু
হংকং ও সিঙ্গাপুরসহ বিদেশে নারীকর্মী পাঠাতে বরিশালে অনলাইনে নিবন্ধণ প্রক্রিয়া বৃহস্পতিবার শুরু হয়েছে।
মহানগরীসহ জেলার ৮৫টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও পাঁচটি পৌরসভায় শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ২২ এপ্রিল পর্যন্ত।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রথম দিন নারী কর্মীদের উপস্থিতি ছিল কম।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. শাকিল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিনে জেলায় ১২০ জন নারী নিবন্ধণ করেছেন।
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, নিবন্ধণের জন্য জন্মনিবন্ধণ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড ছাড়াও মাত্র ১০০ টাকা প্রয়োজন। স্বচ্ছ প্রক্রিয়ায় নিবন্ধণ শেষে লটারির মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। এরপর মাত্র ২০ হাজার টাকায় বিদেশ নারীরা প্রতিমাসে অন্তত ৪০ হাজার টাকা আয় করতে পারবেন।
জেলার ৭৮টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, ৫টি পৌরসভা এবং সিটি করপোরেশনের ১৪ কেন্দ্রে সকাল ১০টায় একযোগে রেজিস্ট্রেশন শুরু হয় বলে জানান জেলা প্রশাসক।
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা আকতারুজ্জামান মুনিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রথম দিনে তাদের কেন্দ্র থেকে কোন নারী নিবন্ধণ করেননি। এর জন্য অপর্যাপ্ত প্রচারণাকেই দায়ী করেন তিনি। মালয়শিয়ায় পুরুষ শ্রমিক নিবন্ধণের সময় যেভাবে সাড়া পড়েছিল, এবার তেমন সাড়া মেলেনি।
এছাড়া বিদেশে গিয়ে নারী শ্রমিকরা যৌন নির্যাতনের শিকার হন- এমন নেতিবাচক ধারণা আর ধর্মের ভয়, বিশেষ করে বর্তমানে সক্রিয় হেফাজতে ইসলামের ভয়ে নারীদের কাছ থেকে তেমন সাড়া মিলছে না বলে মনে করেন আকতারুজ্জামান।
তবে বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল্লাহ কবির বলেন, প্রথম দিনে নিবন্ধণে আশানুরূপ সাড়া মেলেনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। আগামী দিনগুলোতে নিবন্ধণে আগ্রহী নারীদের ভিড় বাড়বে বলে তিনি আশাবাদী।
এদিকে জেলার ৭৮টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে নিবন্ধণ শুরু হলেও গত মঙ্গলবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় কিছুটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের। তাই দূর-দূরান্ত থেকে ল্যাপটপ চার্জ করিয়ে এনে নিবন্ধণ কার্যক্রম চালাতে হচ্ছে তাদের। এ ছাড়া ইন্টারনেটের ধীরগতির কারণেও নিবন্ধণে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানালেন এক উদ্যোক্তা।
