ভাতিজা-ভাতিজিকে পানিতে ডুবিয়ে খুন করলেন চাচা
পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের বোয়ালখালীতে চাচা তার যমজ ভাতিজা-ভাতিজিকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন।
এ অভিযোগে চাচা ওসমান গনিকে (২৮) নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার থেকে আটক করেছে পুলিশ।
বোয়ালখালী থানার ওসি মো. জহিরুল হক সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল (বুধবার) দুপুরে ওমসান তার ভাতিজা-ভাতিজিকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে বাড়ির অদূরে পশ্চিম ও দক্ষিণ পাশের চিকনখালী খালে নিয়ে ডুবিয়ে হত্যা করে।
“রাতে শিশু দুটির মা ছবিলা আখতার সন্তানদের নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ দিতে আসলে তার কথা শুনে তার দেবর ওসমানের প্রতি আমাদের সন্দেহ হয়।”
পরে মাঝরাতে এলাকা ছেড়ে পালিয়ে যায় ওসমান। বৃহস্পতিবার সকালে পরিবারের সহযোগিতায় পুলিশ ওসমানকে আটক করার পর তার স্বীকারোক্তির ভিত্তিতে ওই খাল থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ওসমান তার বিয়ের বিষয়ে ছবিলা আখতারের সঙ্গে ঝগড়ার জেরে শিশুদের ঠাণ্ডা মাথায় হত্যা করেছে বলে ওসি জানান।
এ ঘটনায় শিশুদের মা ছবিলা আখতার বাদি হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
