২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩ তম বিসিএস: লিখিত পরীক্ষার ফল প্রকাশ

তেত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৮ হাজার ৬৯৩ জন চাকরি প্রত্যাশী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 09:58 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার এই ফল প্রকাশ করে বলে জনসংযোগ কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগামী মে মাসে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে।

মীর মোশারফ হোসেন জানান, মোট ২৯ হাজার ৭৪৬ জন চাকরি প্রত্যাশী ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে সাধারণ ক্যাডারে ছয় হাজার ৮০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে চার হাজার ৪১৩ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ৭ হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। 

জনসংযোগ কর্মকর্তা জানান, এই ফলাফল পিএসসির ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে।

মোবাইলে ফল জানতে ম্যাসেজ অপশনে গিয়ে BCS লিখে স্পেস দিয়ে ৩৩ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

২০১২ সালের ২৯ ফেব্রয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত বছর ১ জুন এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী এর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।