‘প্রতিদিন ২২০ হেক্টর আবাদী জমি হারিয়ে যাচ্ছে’
জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় ভূমি জোনিং বিষয়ে গাজীপুরে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সার্কিট হাউজ মিলনায়তনে এ কর্মশালায় জানানো হয়, প্রাকৃতিক সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ ভূমি। পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন প্রায় ২২০ হেক্টর আবাদী জমি অপরিকল্পিতভাবে বাড়িঘর, কল-কারখানা, রাস্তা-ঘাট ও শিল্পস্থাপনা নির্মাণ ইত্যাদি কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে আবাদী জমি হ্রাস পাওয়াসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এ অবস্থা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বর্তমানের মাথাপিছু চাষযোগ্য জমি ১৪ শতক থেকে কমে অর্ধেকেরও নীচে অর্থাৎ ৬.২০ শতকে নেমে আসতে পারে।
কর্মশালায় বলা হয়, এই পরিস্থিতি মোকাবেলায় ভূমি মন্ত্রণালয় জাতীয় ভূমি ব্যবহার নীতি প্রণয়ন করেছে। এতে ভূমি জোনিংয়ের পাশাপাশি ভূমি জোনিং আইন এবং গ্রাম উন্নযন আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
প্রথম পর্যায়ে উপকূলীয় অঞ্চলে ১৯টি জেলাসহ সমতল ভূমির দুটি জেলায় ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে জাতীয় ভূমি জোনিং প্রকল্প (২য় পর্যায়) সমতল ভূমির ৪০টি জেলার ৩০১টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আকম মোজাম্মেল হক এমপি।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের বিষয়বস্তু উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মো. হুমায়ুন কবীর।
এতে বিশেষ অতিথি ছিলেন ভূমি জোনিং প্রকল্পের পরিচালক আব্দুল হাই ও আইএমইডি’র সহকারি পরিচালক মোস্তফা হাসান।
বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, সহকারি বন সংরক্ষক একেএম রুহুল আমিন, ড. এমএ ফরিদ, শরীফ আহমেদ শাহীম, সৈয়দ মোকছেদুল আলম লিটন প্রমুখ।
কর্মশালায় সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।
প্রকল্প পরিচালক আব্দুল হাই বলেন, কৃষি, মৎস্যসম্পদ, বন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পর্যটন, শিল্প কারখানা ইত্যাদি ক্ষেত্রে ভূমির গুণাগুণ ও বৈশিষ্ট্য অনুযাযী এর পরিকল্পিত ও পরিমিত ব্যবহার নিশ্চিত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ
