সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হোড়গাতি নামক স্থানে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, সিরাজগঞ্জ থেকে তাড়াশগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, হাসপাতালে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা যান।
আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। এদের মধ্যে সিরাজগঞ্জ সদরের খোলিসাকুড়া গ্রামের রিয়াদ হোসেনের ছেলে শাহাদত হোসেন (৪০), শহরের মিরপুর মহল্লার আব্দুস সামাদের ছেলে বাবু (৪০), কুষ্টিয়ার কামরুল ইসলাম (৪৫), নাটোরের হাফিজুল ইসলাম (৩০), বেলা খাতুন (৫০) ও কামাল হোসেনের (৪৫) পরিচয় পাওয়া গেছে।
