মেশিনে জড়িয়ে কারখানা শ্রমিকের মৃত্যু
নরসিংদী শহরে কাপড়ের মিলে মেশিনে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে শহরের চৌয়ালা এলাকায় রাব্বি সাইজিং মিলের শ্রমিক হাবিবের (১৬) মৃত্যু হয়।
তবে একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহত শ্রমিকের বাবা দাউদ মিয়া।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত হাবিব মেশিন থামিয়ে এতে সুতা ঠিক করছিলেন। এ সময় কে বা কারা সুইচ টিপে মেশিনটি চালু করে দেয়।
এতে হাসিব মেশিনে জড়িয়ে রক্তাক্ত জখম হন। হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবের বাবা দাউদ মিয়ার অভিযোগ, মেশিনে কাজ করার সময় পরিকল্পিতভাবে তা চালু করে হাবিবকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়েছিল। মালিকপক্ষ নরসিংদী সদর হাসপাতালের বারান্দায় তার লাশ ফেলে পালিয়ে যায়।
অপরদিকে হাবিবকে পরিকল্পিতভাবে হত্যার কথা অস্বীকার করেছেন এর মালিক মো. ইলিয়াছ মিয়া।
