বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণ ‘ওয়েল্ডিং’
কুরিয়ার সার্ভিসের ওয়েল্ডিং থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে বলে একটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
এ অগ্নিকাণ্ডের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনাকেও দায়ী করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
তদন্ত প্রতিবেদনের নিরীক্ষে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যাবস্থা শৃঙ্খলার মধ্যে আনতে নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
গত ৫ এপ্রিল শাহজালাল বিমানবন্দরেরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। ঘটনার দিনই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন পরিচালককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সোমবার দুপুরে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন ওই দুর্ঘটনায় তদন্তে পাওয়া তথ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “অগ্নিকাণ্ডের জন্য কুরিয়ার সার্ভিসগুলোকে দায়ী করা হয়েছে। তারা কোনো ধরনের অনুমোদন ছাড়াই ওয়েল্ডিং এর কাজ করছিল। আর এ জন্যই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।”
“কার্গো ভিলেজের ভিতরের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, কারণ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ তারাই তদারকি করে। তাদেরও দায়িত্বে অবহেলা ছিল।”
এজন্য যেসব কুরিয়ার সার্ভিস কোম্পানি ওয়েল্ডিংয়ের কাজ করছিল তাদের এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।
বেবিচকের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কার্গো ভিলেজে ২২টি কুরিয়ার সার্ভিসের অনুমোদন থাকলেও সেখানে প্রায় ৪৮টি কুরিয়ার সার্ভিস কার্যক্রম চালায়।
বেবিচক চেয়ারম্যান মাহমুদ হোসেনের কথাতেও এ তথ্যের সত্যতা ধরা পড়ে।
চেয়ারম্যান বলেন, “কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল ছিল। বেবিচক কার্গো ভিলেজ ভাড়া দেয় বিমানের কাছে, আবার বিমান তা ভাড়া দেয় কুরিয়ার সার্ভিসগুলোকে।
“কার্গো ভিলেজের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণেরও বেশি বরাদ্দ দেয়া হয়েছিল।”
তাছাড়া ছুটির দিন হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় বলে মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি কনসার্ন গঠন করার প্রক্রিয়া চলছে বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
তিনি বলেন, “বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বেবিচকের। এখন নিরাপত্তা ব্যবস্থা বিক্ষিপ্ত এবং এটিকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি কনসার্ন গঠনের প্রক্রিয়া চলছে, যার চেয়ারম্যান হবেন বিমানমন্ত্রী।”
বর্তমানে আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও বেবিচক সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, “পৃথিবীর সব দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিজস্ব বাহিনী দিয়ে বিমানবন্দরের নিরাপত্তা দিয়ে থাকে। আমরাও এ ধরনের একটি ব্যবস্থার কথা ভাবছি। অন্য আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের সহায়তা করতে পারে।”
বেবিচক এ বিষয়ে একটি প্রস্তাবনা ইতিমধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে বলে জানান তিনি।
এছাড়া কোর্গো এলাকায় নিরাপত্তা বাড়াতে সিসিটিভি স্থাপনের জন্য বিমানকে বলা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
তিনি বলেন, বিমান যাতে কার্গো ভিলেজ ভবিষ্যতে ভাড়া না দেয় সেজন্য তাদের বলা হয়েছে। কার্গো ভিলেজের ভিতরের নিরাপত্তার বিষয়ে বেবিচক বিমানকে সহায়তা করবে।
বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় সে সময় নিরাপত্তার দায়িত্বরত বাহিনীকেও এ ঘটনার জন্য জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, “তিনবছর চেষ্টার পরে আমরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) কালো তালিকা থেকে বের হয়ে আসতে পেরেছি। আগামী ২০১৪ সালে আইকার একটি প্রতিনিধি দল নিরাপত্তা জরিপে আসার কথা। এখন যদি তারা নেতিবাচক ধারনা নিয়ে যায় সেটা আমাদের দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে।”
বিমানবন্দরের নিরাপত্তা এবং কার্গো ম্যানেজমেন্ট স্বয়ংক্রিয় করতে বিমান বাংলাদেশ এয়ালাইন্স কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান তিনি।
