সরব প্রতিবাদে জাবি ছাত্রীরা
ছাত্রী নিপীড়নকারীদের প্রতিরোধের ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার ক্লাস বর্জন করে প্রায় দুই হাজার শিক্ষার্থীর বিক্ষোভের পর তাদের দাবির প্রতি সহমত পোষণ করে রোববারের ঘটনার বিচারের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
রোববার এই আবাসিক বিশ্ববিদ্যালয়ে নববর্ষের একটি শোভযাত্রা থেকে রিকশারোহী দুই ছাত্রীর গায়ে রঙ ছিটানো হয়। প্রতিবাদ করলে ছাত্রলীগের কয়েকজন কর্মী ওই ছাত্রীদের চড় মারে এবং পোশাক ধরেও টানাটানি করে বলে অভিযোগ উঠেছে।
ওই ঘটনার প্রতিবাদে ছুটির মধ্যেই ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে মিছিল-সমাবেশ হয়।
সোমবার সকাল ১০টায় ক্লাস বর্জন করে প্রায় দুই হাজার ছাত্রী মিছিলে নামে। তাদের সঙ্গে যোগ দেয় অনেক ছাত্রও।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গাছের ফল ছিড়লে ও জলাশয়ের মাছ ধরলে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হলেও এই যৌন নিপীড়নের ঘটনায় প্রশাসনের নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে।
এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো ‘মানিকের’ জন্ম হতে দেব না- স্লোগানও তোলে শিক্ষার্থীরা।
প্রায় দেড় যুগ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন মানিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধর্ষণের অভিযোগ উঠলে তীব্র আন্দোলন গড়ে ওঠে।
ওই আন্দোলনের চাপে মানিকসহ ছয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীদের সমাবেশে আসেন উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক এমএ মতিন ও অধ্যাপক আফসার আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনিবার্য ছিল মন্তব্য করে উপাচার্য বলেন, “নিপীড়ন রোগের প্রতিষেধক প্রয়োজন। প্রয়োজনে বাঁশের লাঠি নিয়ে নিপীড়কদের প্রতিহত করতে হবে।”
তিন কার্য দিবসের মধ্যে নিপীড়কদের বিচারের আওতায় আনার ঘোষণাও দেন তিনি।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তিন দফা দাবিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানিয়েছে।
সেগুলো হচ্ছে- নিপীড়কদের চিহ্নিত করে তালিকা ও ছবি প্রকাশ এবং প্রচলিত নারী নির্যাতন বিধির আওতায় বিচার, পূর্বের সব ইভ টিজিংয়ের বিচার ও ছাত্রী হলের সামনে গিয়ে অশ্লীল বাক্যালাপ বন্ধ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে তদন্ত করে বিচার।
প্রশাসনের পক্ষ থেকে এইসব দাবি বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে।
