২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় সম্মতিতে মমতাকে সুরঞ্জিতের অনুরোধ

তিস্তার পানি বণ্টন চুক্তিতে সম্মতি দেয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 06:04 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

এছাড়া সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন এবং তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। 

“অন্যথায় তা ভুল বার্তা দেবে,” রোববার কলকাতায় সাংবাদিকদের বলেন তিনি।

তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার সম্মতি চেয়ে তিনি বলেন, “এই চুক্তির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুন্ন হবে না।”

মমতা বন্দ্যোপাধ্যকে বিষয়টি ‘বৃহৎ পরিসরে’ দেখার অনুরোধ জানিয়ে সুরঞ্জিত বলেন, “এই চুক্তির বিরোধিতা করে তিনি (মমতা) শুধু ভারতবিরোধী মৌলবাদীদের হাত শক্তিশালী করবেন। এসব মৌলবাদীরা শক্তিশালী হলে তারা শুধু বাংলাদেশের জন্য নয়, ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গ সরকার ও তাদের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি সহযোগিতার যে হাত বাড়িয়েছিল তা স্মরণ করেন মন্ত্রী।

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা আটকে যায়।

পাকিস্তানের করাচিতে সংখ্যালঘুদের নিয়ে একটি সেমিনারে যোগ দেয়ার পর কলকাতা হয়ে ঢাকা ফিরছেন সুরঞ্জিত সেনগুপ্ত।