দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ
এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ফাইল ছবি
গত ৭ এপ্রিল রাতে লৌহজংয়ের খান সাহেবের বাড়ির কাছে বাসের ধাক্কায় নিহত হন উত্তর মেদিনীমণ্ডল গ্রামের মুজিবুর রহমান শেখের ছেলে ও মেদিনীমণ্ডল ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মুক্তার হোসেনের ছোট ভাই হাবিবুর রহমান সোহেল (৩২)।
মাওয়াগামী ইলিশ পরিবহনের একটি বাস রিকশা আরোহী সোহেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে ইলিশ পরিবহনের আরেকটি বাস পুড়িয়ে দেয় এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে। দুর্ঘটনাস্থলে শতশত জনতা অবরোধ সৃষ্টি করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
মাওয়া পুলিশ ফাঁড়ির এস আই হাফিজুর রহমান জানান, ওই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ৭টা থেকে মাওয়া চৌরাস্তায় সড়ক বন্ধ করে মানববন্ধন শুরু করে এলাকাবাসী। এ সময় রাস্তার উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। ফলে যানজটের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।
সড়ক বন্ধ থাকায় মাওয়া থেকে শ্রীনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে যেতে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরাও। পরে স্থানীয় প্রশাসনের অনুরোধে সকাল ৯টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
এস আই হাফিজ বলেন, “এখন যান চলাচল স্বাভাবিক। যানজটও অনেকটা কমে এসেছে।”
